হঠাৎই পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা সোহেল দত্ত। সেই সময় জানা গিয়েছিল, ভোটের প্রচার ও শুটিংয়ের চাপ, একসঙ্গে সামলাচ্ছেন সোহেল। আর সেখান থেকেই খাওয়া-দাওয়ায় অনিয়ম হয় তাঁর। তাই গ্যাসের ব্যাথায় কাবু হয়ে পড়েছিলেন অভিনেতা। সেই কারণেই হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। প্রথম দিকে এমনটা জানা গেলেও এখন জানা যাচ্ছে অন্য বিষয়। পরীক্ষা করে দেখা গিয়েছে সোহেলের কিডনি স্টোন ধরা পড়েছে। ফলে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
আজকাল ডট ইন-কে সোহেলের বাবা বলেন, "অনেকরকম পরীক্ষা করেছিলেন চিকিৎসকরা। তাতেই ধরা পড়েছে কিডনি স্টোন। আসলে শুটিং হোক বা রাজনৈতিক প্রচার, একদম জল খাওয়া হয় না ওর। জল কম খাওয়ার ফলেই এমন হয়েছে। এখন তো ওষুধ পড়েছে, রেস্টে আছে ও। আমি বলে দিয়েছি, এখন থেকে জল খেতেই হবে যতই কাজের চাপ থাকুক না কেন।"
সোমবার সকালে সমাজমাধ্যমে দেখা গিয়েছিল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেতা সোহেল দত্ত! এমনটাই দেখা গিয়েছিল সোহেলের মায় লোপা দত্তের ভাগ করে নেওয়া ভিডিওতে। তিনি সমাজমাধ্যমে ছেলের এই অবস্থার কথা ভাগ করে লিখেছিলেন 'সবাই প্রার্থনা করুন ওর জন্য'। ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি সোহেল? সেই সময় আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সোহেলের বান্ধবী, অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে।
তখন তিয়াসা বলেছিলেন, "গতকাল রাত থেকেই পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল ওর। তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আসলে একটু অনিয়ম হয়ে গিয়েছে। দুধ চা-এর পর লুচি খেয়েছিল রাতে, সেখান থেকেই গ্যাসের ব্যথা ওঠে। যন্ত্রণা বাড়তে থাকায় হাসপাতালে নিয়ে আসা হয়। এখন চিকিৎসকদের নজরে আছে, তুলনামূলকভাবে একটু ঠিক আছে।"
প্রসঙ্গত, সোহেলকে এই মুহূর্তে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'তে। সোহেলকে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়কের ভাই-এর চরিত্রে। 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা শুভ্রজিৎ সাহা ও অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। এর আগে সোহেলকে দর্শক দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে।















