হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেতা সোহেল দত্ত! এমনটাই দেখা যাচ্ছে সোহেলের মায় লোপা দত্তের ভাগ করে নেওয়া ভিডিওতে। তিনি সমাজমাধ্যমে ছেলের এই অবস্থার কথা ভাগ করে লিখেছেন 'সবাই প্রার্থনা করুন ওর জন্য'। ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি সোহেল? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সোহেলের বান্ধবী, অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে।
তিয়াসা বলেন, "গতকাল রাত থেকেই পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল ওর। তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আসলে একটু অনিয়ম হয়ে গিয়েছে। দুধ চা-এর পর লুচি খেয়েছিল রাতে, সেখান থেকেই গ্যাসের ব্যথা ওঠে। যন্ত্রণা বাড়তে থাকায় হাসপাতালে নিয়ে আসা হয়। এখন চিকিৎসকদের নজরে আছে, তুলনামূলকভাবে একটু ঠিক আছে।"
জানা যাচ্ছে, ভোটের প্রচার ও শুটিংয়ের চাপ, একসঙ্গে সামলাচ্ছেন সোহেল। আর সেখান থেকেই খাওয়া-দাওয়ায় অনিয়ম হয় তাঁর। এই মুহূর্তে সোহেলের অবস্থা স্থিতিশীল। এখন হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন বাড়ির লোক।
প্রসঙ্গত, সোহেলকে এই মুহূর্তে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'তে। সোহেলকে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়কের ভাই-এর চরিত্রে। 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা শুভ্রজিৎ সাহা ও অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। এর আগে সোহেলকে দর্শক দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে। এই মেগায় তাঁর চরিত্রটি যেমন দর্শকের পছন্দের তালিকায় ছিল, তেমনই 'শুধু তোমারই জন্য'তেও সোহেলের চরিত্রকে দারুণ পছন্দ করছেন দর্শক মহল। হঠাৎ অভিনেতার হাসপাতালে ভর্তির খবরে চিন্তায় পড়েছিলেন তাঁর অনুরাগীরা। এমনকী নিজের অসুস্থতার খবর সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন তিনি। যদিও এখন তাঁর স্থিতিশীল হওয়ার খবরে চিন্তামুক্ত নেটিজেনরা।















