২০২৫ সালের শেষে সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার আগে রাজকীয় কায়দায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটারকে প্রোপোজ করেন গায়ক। কিন্তু বিয়ের মাত্র কদিন আগেই ভেস্তে যায় বিয়ে। গুঞ্জন ওঠে, পলাশের অন্য মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে নাকি তাঁদের সম্পর্ক ভেঙেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়, এই বিয়ে বাতিল করা হল, কিন্তু কেন জানানো হয়নি। সেই সময় স্মৃতির বাবাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সব মিলিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এবার কি সেসব মন কষাকষি দূরে রেখে ফের তাঁরা কাছাকাছি এলেন? 

সম্প্রতি একটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে স্মৃতির বাবার সঙ্গে কথা বলছেন গায়িকা পলক মুচ্ছল, অর্থাৎ পলাশের দিদি। শুধু তাই নয়, তিনি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করেন। এটা দেখেই অনেকে অনুমান করছেন যে দুই পরিবারের মধ্যে সমস্ত মন কষাকষি, সমস্যা মিটে গিয়েছে। আবার কাছাকাছি এসেছেন তাঁরা। 

যদিও স্মৃতি বা পলাশকে এখনও একসঙ্গে দেখা যায়নি তাঁদের বিয়ে ভেস্তে যাওয়ার পর। কিন্তু নেটিজেনদের অনেকেই স্মৃতির বাবা এবং পলকের এই ভিডিও দেখে মনে করছেন স্মৃতি এবং পলাশও কাছাকাছি এসেছেন। অনেকের আবার প্রশ্ন তবে কি আবার নতুন করে তাঁরা ছাদনাতলায় যেতে চলেছেন? যদিও এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ২৩ নভেম্বর পলাশ মুচ্ছল এবং স্মৃতি মান্ধানার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সেটা বাতিল করে দেওয়া হয়। পলাশ বিয়ে ভেঙে দেওয়ার পর সমাজমাধ্যমে লেখেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জীবনে এগিয়ে যাব। এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে এলাম।' বিয়ে ভেঙে দেওয়ার পর সমাজমাধ্যমে একে অন্যকে আনফলো করে দেন স্মৃতি এবং পলাশ। তাঁদের এক হওয়ার জল্পনা বর্তমানে তুঙ্গে থাকলেও এখনও তাঁরা সমাজমাধ্যমে পুনরায় একে অন্যকে ফলো ব্যাক করেননি। ফলে এই জল্পনা কতটা বাস্তবসম্মত সেটা ভবিষ্যতে বোঝা যাবে।