দক্ষিণ কলকাতার একটি বাড়ি নিয়ে গায়ক শিলাজিৎ মজুমদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বাদ্যযন্ত্রশিল্পী অর্ণব বাচস্পতি চক্রবর্তী। অর্ণবের দাবি, গায়ক যে বাড়িতে থাকছেন, সেটি আদতে তাঁর নিজের নয়, বরং অর্ণবদের সম্পত্তি।

ঘটনার সূত্রপাত ২০১১ সালে। অর্ণবের অভিযোগ, ওই বছর শিলাজিৎকে তাঁদের দক্ষিণ কলকাতার বাড়িটি এক বছরের চুক্তিতে ভাড়ায় দেওয়া হয়েছিল। গায়কের গানবাজনার অনুশীলনের সুবিধার্থেই এই ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে শিলাজিৎদার ১১ মাসের চুক্তি হয়েছিল। এরপর আর সেই চুক্তি নবীকরণ করা হয়নি।

অর্ণবের অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও শিলাজিৎ ওই বাড়ি খালি করেননি। তিনি জানান, শুরুতে শুধু গানবাজনার মহড়া চললেও, ধীরে ধীরে গায়ক সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। বাড়ি ছাড়ার অনুরোধ করলে শিলাজিৎ প্রথমে ছ’মাস সময় চেয়েছিলেন। কিন্তু ২০১৪ সাল পেরিয়ে গেলেও তিনি বাড়ি ছাড়েননি। অর্ণবের দাবি, এই নিয়ে কথা কাটাকাটি হলে শিলাজিৎ সাফ জানিয়ে দেন, তিনি বাড়ি ছাড়বেন না। এরপর থেকেই আইনি পথে বিষয়টির সমাধানের চেষ্টা করছেন অর্ণবরা।

বর্তমানে এই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। এবার এই বিষয়ে আজকাল ডট ইন-এর কাছে মুখ খুলেছেন শিলাজিৎ মজুমদার। তাঁর কথায়, "বিষয়টা নিয়ে সত্যিই কিছু বলার নেই। এইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় চলে গিয়েছে বিষয়টা, এখন বাকি কথা আইনের মাধ্যমেই হবে।"

শিলাজিৎ জানান, সমাজমাধ্যমে পোস্ট করার আগে কিং বা পরে অর্ণব তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। তবে গায়ক জানান, তিনি ঠিক এই বিষয়ে কথা বলবেন, তবে সেটা আইনি সাহায্য নিয়েই।