রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর পর হঠাৎ বন্ধ হয়েছিল স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'। ওই ধারাবাহিকের দ্বিতীয় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা সিদ্ধার্থ সেনকে। ওই মেগা বন্ধ হওয়ার পর থেকে ছোটপর্দায় আর ফেরেননি সিদ্ধার্থ। তবে এবার তিনি ফিরছেন নতুন কাজ নিয়ে। 

ছোটপর্দায় নয়, অভিনেতাকে এবার দেখা যাবে ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে। শুভেন্দু চক্রবর্তীর পরিচালনায় আসছে নতুন সিরিজ 'দহন'। মুখ্য চরিত্রে সিদ্ধার্থ সেনের সঙ্গে দেখা যাবে পূজা, অ্যানমেরি টম ও শিশুশিল্পী শুভশ্রীকে। গল্পে উঠে আসবে পুনর্জন্মের কাহিনি। কীভাবে বিয়ের পর বদলে যাবে সিদ্ধার্থের চরিত্রের জীবন? সেটাই দেখা যাবে এই সিরিজের গল্পে। 

টানটান রহস্য নিয়ে 'দহন' আসছে আগামী ১৬ জুলাই। সিদ্ধার্থকে এই সিরিজের মাধ্যমে একেবারে নতুন চরিত্রে দর্শক পাবেন‌। অন্যদিকে, অ্যানমেরি টমকেও একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে দেখবেন। অ্যানমেরি ছোটপর্দার পরিচিত মুখ। যদিও দর্শক তাঁকে দেখেছেন ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মের একটি সিরিজে। ওই সিরিজের গল্প এগিয়েছিল রোমান্টিক ঘরানাকে কেন্দ্র করে। এবার থ্রিলার ড্রামায় নজর কাড়বেন তিনি। 

সান বাংলার দুটি ধারাবাহিকে এর আগে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ ও অ্যানমেরি। তারপর আর তাঁদের দু'জনকে একসঙ্গে দেখেননি দর্শক। তবে তাঁদের জুটিকে অনুরাগীরা দারুণ পছন্দ করেছিলেন। ফলে, সিদ্ধার্থ-অ্যানমেরির ফেরার অপেক্ষায় ছিলেন তাঁরা। এবার নতুন ভূমিকায় চমক দিতে ওটিটির পর্দায় আসছেন তাঁরা।

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সিদ্ধার্থ। চোখের সামনে অভিনেতার এমন পরিণতি হতে দেখে ভয়ঙ্কর মানসিক আঘাত পেয়েছিলেন তিনি। এরপর বহুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এবার ফিরছেন একেবারে ভিন্ন চরিত্রে।