আগামী ২০ জুন জামাইষষ্ঠী। আষাঢ়ের বৃষ্টি ভরা দিনে শাশুড়িরা পাখার বাতাস করে, কপালের চন্দনের ফোঁটা দিয়ে জামাইদের মঙ্গল কামনা করবেন। চলবে এলাহি ভূরিভোজ। বিয়ের পর এই বছর শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণুর প্রথম জামাইষষ্ঠী। আর প্রতিটি 'প্রথম'ই বিশেষ হয়। কী কী পরিকল্পনা এবার তাঁদের খোঁজ নিল আজকাল ডট ইন। 

এবারের জামাইষষ্ঠীর কোনও প্ল্যান অভিনেত্রী বানাননি বলেই জানালেন এদিন। বরং সব দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন বেটার হাফের। ফলে প্রথম জামাইষষ্ঠীর প্ল্যানিং জানতে চাইলে শ্যামৌপ্তি বলেন, "সমস্ত অনুষ্ঠানে আমিই মূলত প্ল্যান করি। এবার আমি আশা করছি, ও দায়িত্ব কিছুটা নিয়ে নিক আর কী! গিফটস, ইত্যাদি এবার ওর দায়িত্বে। ফলে কী কী প্ল্যান করেছে আমি সত্যিই কিছু জানি না।" ফলে রণজয় কী কী বিশেষ প্ল্যান করেছেন শ্বশুর, শাশুড়ির জন্য বা কী উপহার কিনেছেন সেটা সময়ই বলবে। 

আর যেটা ছাড়া জামাইষষ্ঠী হয় না, সেই ভূরিভোজ? কী কী থাকছে মেনুতে থাকছে? শ্যামৌপ্তি জানালেন নিয়ম আচার পালন করলেও, ভূরিভোজ করবেন না তাঁরা। কিন্তু কেন? গোটাটাই খোলসা করে অভিনেত্রী বলেন, "কাল সকালে কিছু নিয়ম আছে, সেগুলো পালন করা হবে। যেহেতু ও ভীষণ কড়া একটা ডায়েটে আছে। শুট আছে বলে এই ডায়েট মেনে চলছে। তাই কাল খাওয়া দাওয়া করতে পারবে না। রবিবার সবাই একসঙ্গে ডিনার করব।" 

প্রসঙ্গত, রণজয় বিষ্ণুকে বর্তমানে 'প্রতিজ্ঞা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। স্টার জলসার পর্দায় সদ্যই সম্প্রচার শুরু হয়েছে এই ধারাবাহিকের। তাঁর বিপরীতে রয়েছেন অভিকা মালাকার। অল্পদিনেই টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা বানিয়ে নিয়েছে এই ধারাবাহিক। আর তার কারণেই অভিনেতা এখন কড়া ডায়েটে আছেন। সেই কারণে জামাইষষ্ঠীর দিন করবেন না ভূরিভোজ। তবে সেটা একেবারে মিসও যাবে না। রবিবার সকলে মিলে একসঙ্গে ডিনার করবেন। 

প্রসঙ্গত, শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণুকে দর্শক প্রথমবার একত্রে স্টার জলসার ধারাবাহিক 'গুড্ডি'তে দেখেছিলেন। পর্দার প্রেম গড়ায় বাস্তবে। পরে তাঁরা একসঙ্গে মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসের দিন সাত পাকে বাঁধা পড়েন।