অরিজিৎ সিং-এর পর এবার কি তবে শ্রেয়া ঘোষালের অবসর নেওয়ার পালা? সম্প্রতি বিনোদন জগতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। গত কয়েকদিন আগেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি প্লে ব্যাক করা থেকে দীর্ঘ বিরতি নিতে চান। সেই রেশ কাটতে না কাটতেই এবার 'সুর সম্রাজ্ঞী' শ্রেয়া ঘোষালও বিরতির সুর তুললেন। এর মাঝেই অভিনয়েও নিজের হাত পাকালেন তিনি। এবার কি অভিনয়েও দেখা যাবে শ্রেয়াকে?
সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এর সেটে ধরা পড়ল এক অভাবনীয় দৃশ্য। 'কভি খুশি কভি গম' ছবির সেই আইকনিক দৃশ্য মনে আছে? যেখানে কাজলের চটপটে স্বভাব আর ফরিদা জালালের স্নেহমাখা খুনসুটি দর্শকদের হাসিয়েছিল? সেই নস্টালজিয়াকেই নতুন করে পর্দায় ফিরিয়ে আনলেন শ্রেয়া।
ইন্ডিয়ান আইডলের বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী ফরিদা জালাল। তাঁকে সামনে পেয়ে শ্রেয়া যেন আর নিজেকে সামলে রাখতে পারেননি। কাজলের করা সেই বিখ্যাত ‘অঞ্জলি’ চরিত্রটিতে অবতীর্ণ হন তিনি।
শাহরুখ খানের ছবির সেই মুহূর্ত যেখানে কাজল এবং ফরিদা জালাল একে অপরের সঙ্গে মজার কথা কাটাকাটিতে মেতে ওঠেন, অবিকল সেই কায়দাতেই অভিনয় করে দেখালেন শ্রেয়া।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রেয়া তাঁর মিষ্টি গলার পাশাপাশি অভিনয়েও একশোয় একশো পেয়েছেন। কাজলের সেই চঞ্চলতা, কথার ধরন হুবহু নকল করেছেন তিনি। পাশে বসে খোদ ফরিদা জালালও মুগ্ধ হয়ে শ্রেয়ার অভিনয় উপভোগ করছিলেন। উপস্থিত অন্যান্য বিচারক এবং দর্শকরা শ্রেয়ার এই বহুমুখী প্রতিভা দেখে করতালিতে ফেটে পড়েন।
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছেন, তিনিও বর্তমানে যথেষ্ট ক্লান্ত এবং অদূর ভবিষ্যতে গান থেকে সাময়িক বিরতি নেওয়ার কথাও নাকি ভাবছেন। সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল স্পষ্ট জানিয়েছেন যে গানের জগতে এখন যে ধরনের পরিবর্তন আসছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা সব সময় আনন্দদায়ক হচ্ছে না। বিশেষ করে লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক’ বা যান্ত্রিক কারসাজির মাধ্যমে গান গাওয়ার প্রবণতাকে তিনি একেবারেই সমর্থন করেন না। শ্রেয়া বলেন, “যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।”
অরিজিৎ সিং-এর বিরতি নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রেয়া ঘোষাল জানান যে তিনি অরিজিতের এই সাহসের যথাযথ সম্মান করেন। দীর্ঘ সঙ্গীত জীবনের ক্লান্তিকর পরিস্থিতির কথা স্বীকার করে নিয়ে তিনি অকপটে বলেন, “আমারও মাঝে মাঝে বিরতি নিতে ইচ্ছে করে।”
















