বলিউডে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকাকে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে। অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁদের প্রিয় নায়ক-নায়িকার শুভদিনের। এবার নাকি তালিকায় আসছেন শ্রদ্ধা কাপুর? শিগগিরই বিয়ে করতে চলছেন শক্তি কাপুরের মেয়ে! সম্প্রতি সেই নিয়ে স্পষ্ট জবাব দিলেন শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরে। 

বহুদিন ধরেই রাহুল মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে শ্রদ্ধা কাপুরের। এমনকী রাজস্থানের উদয়পুরে বড় করে গন্তব্য বিয়ের আয়োজন করার পরিকল্পনাও নাকি চলছে, এমন কথাও শোনা যাচ্ছিল। এই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন তেজস্বী। স্পষ্ট জানিয়েছেন, এই বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাঁর কথায়, “আমি এ বিষয়ে কিছুই শুনিনি।” পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য এমন কথা বলায় অনেকেই মনে করছেন, এই মুহূর্তে বিয়ের খবরটা গুজবই হতে পারে।

রাহুল মোদি একজন লেখক ও চিত্রনাট্যকার। শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। গত কয়েক বছর ধরে তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। কখনও সিনেমার কাজের সূত্রে, কখনও ব্যক্তিগত সময় কাটাতে-এমন কিছু মুহূর্ত সামনে আসায় অনেকে ধরে নিয়েছেন, তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি।

যদিও শ্রদ্ধা কখনও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবুও সম্প্রতি তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখন একটি সম্পর্কে রয়েছেন। সম্প্রতি এক লাইভ সেশনে শ্রদ্ধার কাছে প্রশ্ন ছোড়া হয়, “শাদি কবে করোগে? (কবে বিয়ে করবেন)” এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, "বিয়ে আমি করবই।" এই ছোট্ট জবাবই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শ্রদ্ধার এই মন্তব্যের পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, তাহলে কি বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? আবার কেউ বলছেন, এটি তাঁর স্বভাবসুলভ রসিকতা মাত্র। তবে বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে কারণ দীর্ঘদিন ধরেই শ্রদ্ধার নাম জড়াচ্ছে রাহুল মোদির সঙ্গে। 

ভক্তদের একাংশের ধারণা, শ্রদ্ধা হয়তো জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন। আবার অনেকেই বলছেন, তিনি এখনও পুরোপুরি কেরিয়ারেই মন দিতে চান। কারণ কাজের দিক থেকে এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

গত বছর ‘স্ত্রী ২’-র সাফল্যের পর শ্রদ্ধার জনপ্রিয়তা আরও বেড়েছে। সামনে তাঁর হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরতে চাইছেন তিনি। তাই আপাতত বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য, এমনটাই মনে করছেন অনেকে। 

শ্রদ্ধা কাপুর কবে, কাকে বিয়ে করছেন, এই সব প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে। আপাতত তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া জল্পনাতে সরগরম বিনোদন দুনিয়া।