ফেস্টিভ্যালের পর্দা নামার পর বহু শর্ট ফিল্মই আর দর্শকের সামনে পৌঁছানোর সুযোগ পায় না। সেই বাস্তবতাকে সামনে রেখেই শুরু হচ্ছে এক নতুন উদ্যোগ 'শর্টফ্লিক্স-স্ক্রিন অ্যান্ড স্পিক'।যেখানে নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড়পর্দায় প্রদর্শনী হবে।
শর্টফ্লিক্স এন্টারটেনমেন্ট-এর আয়োজনে এই বিশেষ স্ক্রিনিং প্ল্যাটফর্ম নির্মাতাদের তাঁদের কাজ সরাসরি দর্শকের সামনে উপস্থাপন করার পাশাপাশি দর্শকের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেবে। এর আগে শর্টফ্লিক্স এন্টারটেনমেন্ট 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার'দের জন্য একটা ইউটিউব প্ল্যাটফর্ম চালু করে, যা ইতিমধ্যেই 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার'দের জন্য একটা গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই চ্যানেলের মাধ্যমে বহু শর্ট ফিল্ম। দর্শকের কাছে পৌঁছেছে। পাশাপাশি নির্মাতাদের আয়ের অংশীদারিত্বের ব্যবস্থাও রাখা হয়েছে।
শর্টফ্লিক্স এন্টারটেনমেন্ট-এর উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম-এর সহযোগিতায়। 'স্ক্রিন অ্যান্ড স্পিক উদ্যোগের অংশ হিসেবে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ পর্ব। নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড়পর্দায় প্রদর্শনের পাশাপাশি নির্মাতাদের সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। এছাড়াও নির্মাতারা তাঁদের ছবির পেছনের গল্প ও সৃষ্টির অভিজ্ঞতা তুলে ধরবেন। এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী ১০ এপ্রিল।
উল্লেখ্য, এটা কোনও প্রতিযোগিতা নয়। এখানে কোনও ট্রফি বা পুরস্কারের লড়াই নেই। বরং এটা এমন একটি মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নির্মাতারা তাঁদের কাজ দর্শকের সামনে তুলে ধরতে পারবেন এবং ছবির পিছনের গল্প ভাগ করে নিতে পারবেন।
প্রতিটা পর্বে সীমিত সংখ্যক ১০–১২টি ছবি বড়পর্দায় প্রদর্শিত হবে। ইতিমধ্যেই এই উদ্যোগে দেবলীনা দত্ত ও বিশ্বনাথ অভিনীত ‘ইতি – দ্য বিগিনিং’, ফাল্গুনী চ্যাটার্জি ও মানসী সিনহা অভিনীত ‘শুধু মনে রেখো’, দেবশঙ্কর হালদার ও লাবণী সরকার অভিনীত ‘ভালো আছি’, এবং চন্দন সেন অভিনীত ‘সাহারা’ সহ একাধিক উল্লেখযোগ্য শর্ট ফিল্ম জমা পড়েছে। দর্শকের জন্য এই স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে, যাতে চলচ্চিত্রপ্রেমীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে এই অভিজ্ঞতার অংশ হতে পারেন।
অন্যতম আয়োজক সৌরভ চক্রবর্তী বলেন, "শর্ট ফিল্মের পিছনে অনেক পরিশ্রম ও স্বপ্ন থাকে। সেই ছবিগুলো যেন হারিয়ে না যায় বরং মানুষের সামনে পৌঁছায়, সেটাই এই উদ্যোগের মূল উদ্যেশ্য।”
