শুটিং করতে গিয়ে জলে ডুবে যাচ্ছিলেন! বহু বছর পর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শিল্পা শিরোদকর।
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকর সম্প্রতি তাঁর সুপারহিট ছবি 'হাম'-এর শুটিংয়ের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, ছবির 'সনম মেরে সনম' গানের শুটিংয়ের সময় প্রায় জলে ডুবে যাচ্ছিলেন তিনি। 

সেই সময় সেটে ছিল না কোনও লাইফ জ্যাকেট বা নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে শিল্পা শিরোদকরের জন্য একটি বিশেষ ভিডিও বার্তা পাঠান অভিনেতা গোবিন্দ। সেই ভিডিও দেখেই পুরনো দিনের স্মৃতিচারণায় মেতে ওঠেন শিল্পা।

ঘটনার কথা বলতে গিয়ে গোবিন্দ বলেন, "শিল্পা সাঁতার জানত না। সত্যি বলতে আমিও খুব ভাল সাঁতারু ছিলাম না। শুটিং চলাকালীন হঠাৎ ও জলের নীচে তলিয়ে যায়। আমি বারবার চিৎকার করছিলাম, 'শিল্পা কোথায়?' তারপর জলে ঝাঁপ দিয়ে ওকে টেনে বাইরে নিয়ে আসি। বাইরে উঠেই শিল্পা মারাঠিতে রেগে বলে, 'আমি তো আগেই বলেছিলাম যে আমি সাঁতার জানি না, তাহলে আমাকে জলে নামানো হল কেন?" গোবিন্দ সেই ঘটনার অভিনয়ও করে দেখান, যা দেখে উপস্থিত দর্শকরা হেসে ওঠেন।


এরপর নিজের অভিজ্ঞতা জানিয়ে শিল্পা বলেন, "সেই সময় যেভাবে শুটিং হত, এখনকার সঙ্গে তার কোনও তুলনাই হয় না। খুব অল্প কয়েকজন ইউনিট সদস্য ছিলেন। আমি লেদারের প্যান্ট পরে ছিলাম। পরিচালক ডব্লিউ. বি. রাও স্যার অন্য একটি নৌকা থেকে আমাকে পোজ দিতে বলছিলেন। আমরা ছিলাম মাঝ জলের মধ্যে, আর আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সেখানে মাত্র চারজন মানুষ ছিল। কোনও লাইফ জ্যাকেট ছিল না, কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তখন এভাবেই কাজ করতে হত।"

শিল্পা ও গোবিন্দ যে ঘটনার কথা বলেছেন, তা ঘটেছিল 'হাম' ছবির জনপ্রিয় গান 'সনম মেরে সনম'-এর শুটিংয়ের সময়। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কিমি কাটকার, গোবিন্দ এবং শিল্পা শিরোদকর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

নব্বইয়ের দশকে শিল্পা শিরোদকর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। 'আঁখেঁ', 'হাম', 'খুদা গওয়াহ', 'কিশেন কানহাইয়া' এবং 'গোপী কিষাণ'-এর মতো একাধিক বাণিজ্য সফল ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন।