মধ্য আশির চৌকাঠ ছুঁয়েও বড়পর্দা জুড়ে দারুণ সপ্রতিভ লিলি চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে দেখা যাবে তাঁকে, সেকথা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, সুমন ঘোষের পরিচালনায় ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর সে খবর এদিন সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানিয়ে রাখা ভাল, উইন্ডোজ প্রযোজিত এই ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে। 

 

এই জনপ্রিয় অভিনেতা-পরিচালক নিজস্ব ছন্দে অল্প কথায় জানিয়েছেন, চলতি বছর একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বড়পর্দায় রিইউনিয়ন হচ্ছে তাঁর। আরও ভাল করে বললে, বহু বছর পর কেন্দ্র সঙ্গে কাজ করছেন। সেই তালিকায় এবার যোগ হল লিলি চক্রবর্তীর নাম। গোটা ঘটনায় যারপরনাই আপ্লুত তিনি। জানিয়ে রাখা ভাল, এর আগে এই বর্ষীয়ান অভিনেত্রী নন্দিতা রায় ও শিবপ্রসাদের পরিচালনায় ‘পোস্ত’ ছবিতে অভিনয় করেছিলেন। সে-ও প্রায় ১০ বছর আগে। শান্তিনিকেতন জুড়ে চলেছিল ছবির শুটিং। এর এক দশক পরে ফের সেই শান্তিনিকেতনেই এসে পড়েছে ‘ফ্যামিলিওয়ালা’-রা। তবে হ্যাঁ, সেবারে এই বর্ষীয়ান অভিনেত্রীকে নির্দেশ দিলেও তাঁর সঙ্গে অভিনয় করতে পারেননি শিবপ্রসাদ। এবারে তা হচ্ছে। বহুরূপী ছবি খ্যাত এই পরিচালক-অভিনেতা তাঁর সংক্ষিপ্ত পোস্টে জানালেন, ২০২৬ তাঁর কাছে “রিইউনিয়নের বছর”। আরও জানাতে ভোলেননি যে নিজের কেরিয়ারে এই প্রথম লিলি চক্রবর্তীর সঙ্গে পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।  

 

ফেসবুকের দেওয়ালে শিবপ্রসাদ লিখেছেন, “২০২৬- উইনডোজের ২৫ বছর। রিইউনিয়নের বছর। রিইউনিয়ন পর্ব প্রবাদ প্রতিম অভিনেত্রী লিলি চক্রবর্তীর সাথে। ২০১৬ সালে ‘পোস্ত’ করতে গিয়ে শান্তিনিকেতনে আমরা একসাথে কাজ করেছিলাম। দশ বছর বাদে,  আরও একবার, ২০২৬, শান্তিনিকেতন, সিনেমার নাম ফ্যামিলিওয়ালা, পরিচালক সুমন ঘোষ। লিলিদির বয়স এখন ৮৫। অভিনয় জীবনের ৬৬তম বছরে নিয়মিত কাজ করছেন ।আমার সৌভাগ্য আমি প্রথমবার লিলি চক্রবর্তীর সাথে বড় পর্দায় অভিনয় করবার সুযোগ পেলাম, ধন্য হলাম। এই বছরটা বহু মানুষের সাথে নতুন করে কাজ করবার। এই বছরে বহু কলাকুশলীর সাথে রিইউনিয়ন পর্ব চলছে। এক এক করে তাদের কথাও বলব।”

 

 

শান্তিনিকেতনের পটভূমি, উইন্ডোজের প্রযোজনা, সুমন ঘোষের পরিচালনা- সব মিলিয়ে ছবিটি যে একটি সংবেদনশীল পারিবারিক গল্প হতে চলেছে, সে ইঙ্গিত স্পষ্ট।


উল্লেখ্য, চলতি বছরেই শুটিং শেষ হয়েছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘এডওয়ার্ড ও ফুলপিসি’-র। সে ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন নন্দিতা-শিবপ্রসাদ। সেই ছবিতেই বহু বছর পর সোহিনী সেনগুপ্ত এবং অর্জুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন শিবপ্রসাদ। সেই রিইউনিয়নের কথাও নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁদের আদরের 'শিবু'। 

 

&t=313s

 

অন্যদিকে, গত বছরেই ছোটপর্দা নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছেন লিলি চক্রবর্তী। ছোটপর্দায় আর কাজ করবেন না বলে জানিয়েছেন জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মিষ্টি 'ঠাম্মি'। ছোটপর্দা নিয়ে বেশ বিরক্ত তিনি। বলেছিলেন, “আর ধারাবাহিকে কাজ করব না। প্রথমত শুটিং এর সময়ের কোনও ঠিক থাকে না, এই বয়সে এসে তাতে বেশি কষ্ট হয়। দ্বিতীয়ত ধারাবাহিকের গল্প এখন আর ভাল লাগে না। এক গল্প দিয়ে শুরু হয় তারপর কোথায় যে গল্প নিয়ে যাবে তা কেউ বলতে পারে না, তাই আর সিরিয়ালে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।”