নিজস্ব সংবাদদাতা: ‘আমার বস’র হাত ধরে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে।
মা ও ছেলের গল্প বলবে এই ছবি। 'আমার বস'-এ রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য সেন, আভেরি সিংহ রায়, গৌরব চট্টোপাধ্যায় এবং ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস।
শুক্রবার মুক্তি পেল ছবির গান 'হোক স্টার্ট-আপ'। গানের কথা ও পরিচালনার দায়িত্বে অনুপম রায়। অ্যাশ কিং-এর কণ্ঠে এই গান ইতিমধ্যেই ট্রেন্ডে। সঙ্গে গানের সুরের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে চিজি ও দিশার ব়্যাপ।
এদিন গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ 'আমার বস'-এর টিম। সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, গৌরব চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, বিমল গিরি-সহ আরও অনেকে। 'হোক স্টার্ট-আপ'-এর তালে হৃতিক রোশনের স্টাইলে ডান্স ফ্লোর মাতালেন শিবপ্রসাদ। তাঁর সঙ্গে যোগ দিলেন সৌরসেনী, শ্রুতি, গৌরবরা। নাচের তালে আরও একবার শিবপ্রসাদ মনে করিয়ে দিলেন, 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে ৯ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
















