সম্প্রতি কৌতুক শিল্পী সময় রায়নার নতুন কমেডি স্পেশাল লো ‘স্টিল অ্যালাইভ’ নিয়ে বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্প্রতি এই শো-এ বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্নাকে নিয়ে করা সময়ের কিছু মন্তব্য ঘিরে বিনোদন জগতে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে।
ছোটপর্দার জনপ্রিয় ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি সময় রায়নার তীব্র সমালোচনা করে তাঁকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। মুকেশ খান্না সময়ের এই ধরনের মশকরাকে মোটেও রসিকতা হিসেবে মেনে নিতে পারেননি।
গত বুধবার মুকেশ খান্না সোশ্যাল মিডিয়ায় সময় রায়নার কড়া সমালোচনা করেছেন। তিনি সময়ের একটি এডিট করা ছবি শেয়ার করেছেন যেখানে সময়কে একটি গাধার ওপর বসে থাকতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে অভিনেতা ক্যাপশনে লিখেছেন,
'সময় রায়না, তুমি শুধু গাধার ওপর বসারই যোগ্য, তাও আবার মুখ চুনকালি মেখে।'
অভিনেতা ক্যাপশনে সময়কে একহাত নিয়ে বলেন যে, সে সারা দেশের মানুষের রোষের মুখে পড়েছে, তাও এরকম দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। এমনকী তিনি তাঁকে ‘নির্লজ্জ’ বলেও আখ্যা দেন।
মুকেশ খান্না লেখেন, 'কুকুরের লেজ কোনওদিন সোজা হয় না। আপনি চাইলে সেটাকে লক্ষবার কোনও খাপের ভেতর আটকে রাখতে পারেন, কিন্তু বের করলেই দেখা যাবে সেই আগের মতোই বাঁকা! সময় রায়নাও ঠিক তেমন এক লেজ। ওকে যত খুশি মারুন কিংবা সোজা করার চেষ্টা করুন, ও আবারও সেই বেঁকেই যাবে। কারণ ও কোনও সহজ-সরল মানুষ নয়; ও হল এক আস্ত ‘রোস্টেড’ জীব। নোংরামির আগুনে পুড়ে ও একেবারে নষ্ট হয়ে গিয়েছে।'
তিনি আরও বলেন, 'সারা দেশ ওকে অপমান করেছে, ধিক্কার দিয়েছে, তবুও ও নির্লজ্জের মতো আবার ফিরে এসেছে। এখন শুধু একটাই রাস্তা বাকি আছে... ওর মুখে চুনকালি মাখিয়ে, গাধার পিঠে বসিয়ে পুরো দেশ ঘোরানো উচিত, আর লোকে যেন পথে পথে ওকে অভিশাপ দেয়। ছোট ছোট বাচ্চারা যেন ওর দিকে ডিম আর টমেটো ছুড়ে মারে। কারণ ও তাদের সুপারহিরো ‘শক্তিমান’-কে অপমান করেছে!'
প্রসঙ্গত, সময়কে নিয়ে মুকেশ খান্নার এই পোস্ট এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
















