ভাল হোক বা মন্দ, তারকাদের কত রকম ভুয়ো খবরের সম্মুখীন হতে হয়। সেই তালিকায় নয়া সংযোজন শক্তি কাপুর। সম্প্রতি এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, শক্তি কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। এরপর অভিনেতা নিজেই সামনে এসে এই বিভ্রান্তিকর খবরের অবসান ঘটিয়েছেন।

শক্তি কাপুরর মৃত্যুর ভুয়ো খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সাধারণত তারকাদের নিয়ে মাঝেমধ্যেই এমন 'ডেথ হোক্স' বা মৃত্যুর গুজব ছড়ানো হয়, যা এবার শক্তি কাপুরের ক্ষেত্রেও ঘটে। ভক্তদের আতঙ্কিত হতে দেখে শক্তি কাপুর ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন। ভিডিওতে দেখা যায়, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। হাসিমুখে দর্শকদের উদ্দেশে বলেন,"আমার মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যে। আমি সুস্থ আছি, ভাল আছি। দয়া করে এই সব গুজবে কান দেবেন না।"

ভিডিওটিতে শক্তি কাপুরকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল, যা দেখে ভক্তরা আশ্বস্ত হন। তাঁরা মন্তব্য করে জানান যে, প্রিয় অভিনেতাকে সুস্থ দেখে তারা কতটা খুশি। 

শক্তি কাপুর কেবল গুজব উড়িয়ে দিয়েই থেমে থাকেননি, তিনি বিষয়টি নিয়ে বেশ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা এই ধরনের স্পর্শকাতর ও মিথ্যে খবর ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে, তাদের তিনি ছেড়ে দেবেন না। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি এই বিষয়ে সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের করবেন। শ্রদ্ধা কাপুরের বাবা মনে করেন, কারও মৃত্যু নিয়ে এভাবে মজা করা বা গুজব ছড়ানো মোটেও ভাল কাজ নয় এবং এর পেছনে দায়ীদের শাস্তি হওয়া উচিত।

৭৩ বছর বয়সি শক্তি কাপুর বলিউডের এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় ৪ দশকে ৭০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। খলনায়কের চরিত্রে ভয় দেখানো হোক বা কমেডি চরিত্রে দর্শকদের হাসানো, সবটাতেই তিনি সিদ্ধহস্ত। তার মেয়ে শ্রদ্ধা কাপুর বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকা এবং ছেলে সিদ্ধান্ত কাপুরও অভিনয় ও মিউজিক জগতের সঙ্গে যুক্ত।