আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
পিছিয়ে গেল শাকিরার ভারত কনসার্ট
বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার বহু প্রতীক্ষিত ভারত সফর আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে ভারতে শাকিরার একাধিক কনসার্ট হওয়ার কথা ছিল। ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে
১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ আয়োজকদের তরফে জানানো হয়েছে, শিল্পী, দর্শক এবং প্রোডাকশন টিমের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাঁরা ইতিমধ্যেই টিকিট কিনেছেন, তাঁদের সব টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
এছাড়াও আয়োজকরা জানিয়েছেন, নতুন তারিখ ঠিক করার জন্য শিল্পীর টিমের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই সে বিষয় জানানো হবে৷ আপডেট দেওয়া হবে।
‘ধুরন্ধর' দেখে মুগ্ধ আলিয়া
বলিউডে এখন চর্চার কেন্দ্রবিন্দু ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বক্স অফিসে দাপটের পাশাপাশি বলিউডের খ্যাতনামীদের কাছ থেকেও আসছে প্রশংসা। সেই তালিকায় এবার যোগ দিলেন আলিয়া ভাট। ছবিটি দেখার পর আলিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিশেষ দৃশ্য শেয়ার করেন। এটি ছবির সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলির একটি৷ এই দৃশ্যে দেখা যায়, দীর্ঘ বিচ্ছেদের পর নিজের পরিবারের সামনে দাঁড়িয়ে আছে জস্কিরাত। চোখে জল, তবু ছুটে না গিয়ে দূর থেকেই মুহূর্তটিকে অনুভব করছে সে। আবেগে ভরা এই দৃশ্য দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে।
এই দৃশ্য নিয়ে আলিয়া লিখেছেন, “জস্কিরাত সিং রাঙ্গি এবং এই মুহূর্তটাই সবকিছু… পরিচালক ও অভিনেতার জাদু একসঙ্গে কাজ করেছে। ধুরন্ধর টিমকে অভিনন্দন এই ঐতিহাসিক সাফল্যের জন্য।”
রনবীর সিংকে কটাক্ষ করলেন বিশাল দাদলানি?
বক্স অফিসে দারুণ সাফল্য পেলেও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবার নতুন বিতর্কে জড়াল। গায়ক-সুরকার বিশাল দাদলানির একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা—যা অনেকেই ছবির দিকেই ইঙ্গিত বলে মনে করছেন।
বিশাল দাদলানি ইনস্টাগ্রামে সরাসরি ছবির নাম না বললেও ২০১৬ সালের নোটবন্দি (demonetisation) নিয়ে মন্তব্য করেন। একটি পোস্টে তিনি লেখেন, “ছবি শুধু বিনোদনের জন্য। তথ্য কিন্তু তথ্যই থাকে।” আরেকটি স্টোরিতে তিনি বলেন, “ছবি উপভোগ করুন, কিন্তু তথ্যের জন্য ভালো সোর্সের উপর ভরসা করুন।” এই বিতর্ক মূলত ‘ধুরন্ধর ২’-এর দ্বিতীয়ার্ধ ঘিরে, যেখানে কাহিনিতে নোটবন্দির সঙ্গে যুক্ত একটি কাল্পনিক গোপন অভিযান দেখানো হয়েছে। বিশালের এই পোস্টগুলিকে অনেকেই ছবির সেই অংশের সমালোচনা হিসেবেই দেখছেন।
