রূপোলি পর্দার তারকাকে দেখে আমজনতার উন্মাদনা বরাবরই নজরে আসে। কখনও কখনও সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের জেরে অপ্রীতিকর ঘটনাও ঘটে। সাম্প্রতিকালে তেমন বেশ কয়েকটি ঘটনার নজির রয়েছে। যা দেখে রীতিমতো বিরক্তবোধ করেন অনেকেই। এবার 'ও রোমিও' ছবির গান 'গান পান কি দুকান'-এর লঞ্চ অনুষ্ঠানে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন শাহিদ কাপুর। মুম্বইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। ভক্তদের প্রবল উত্তেজনা একসময় এমন জায়গায় পৌঁছয় যে, নিরাপত্তার কারণে অভিনেতাকে স্টেজ ছাড়তে বাধ্য হতে হয়।

গান লঞ্চ ইভেন্টে শাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নায়িকা তৃপ্তি ডিমরি। শুরুতে অনুষ্ঠান ছিল একেবারেই স্বাভাবিক। গান, কথা, ফটোসেশন—সবকিছু চলছিল পরিকল্পনামাফিক। শাহিদ ভক্তদের সঙ্গে মজা করতে গিয়ে কয়েকজনকে স্টেজে নাচের জন্য ডেকে নেন। এরপরই দ্রুত বদলে যায় পরিস্থিতি। 

একসঙ্গে অনেক ভক্ত স্টেজের দিকে ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই শাহিদকে ঘিরে ধরে ভিড়। এত বেশি মানুষ একসঙ্গে উঠে পড়ায় নিরাপত্তা কর্মীদের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে। ভিড়ের চাপে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তখনই শাহিদকে সাময়িকভাবে স্টেজ থেকে নামিয়ে আনা হয়।

এই ঘটনার কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ভক্তদের উচ্ছ্বাসের মাঝে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই ভিড় সামাল দেওয়া সম্ভব হয় এবং এরপর শাহিদ আবার স্টেজে ফিরে আসেন। নুরাগীদের উদ্দেশ্যে অভিনেতা বলেন যে তিনি তাঁদের ভালবাসায় অভিভূত। তবে সবাইকে শান্ত থাকার অনুরোধও জানান। এরপর অনুষ্ঠান আবার স্বাভাবিকভাবে চলতে থাকে।

'পান কি দুকান' গানটি গানটি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ। গানটির ছন্দ ও কথা দর্শকের মনে জায়গা করে নিয়েছে। 'ও রোমিও' ছবিটি নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। এই ছবিতে শাহিদ কাপুরকে একেবারে নতুন চরিত্রে দেখা যাবে। 

এই ঘটনার পর অনেকেই বলছেন, তারকাদের অনুষ্ঠান ঘিরে ভক্তদের আবেগ স্বাভাবিক হলেও নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আয়োজকদের তরফে ভবিষ্যতে এমন ইভেন্টে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেই ইঙ্গিত মিলেছে।