সুদূর আমেরিকার বুকে ফের একবার ডঙ্কা বাজতে চলেছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের। নিউ ইয়র্ক শহরে বাঙালির দুই অবিসংবাদিত আইকন— মহানায়ক উত্তমকুমার এবং কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় -কে শ্রদ্ধার্ঘ্য জানাতে আয়োজন করা হয়েছে এক অভিনব উৎসবের। আর এই মেগা অনুষ্ঠানে শুধু অতিথি হিসেবে যোগ দিতেই নয়, বরং নিজের সুর ও ছন্দের জাদুতে প্রবাসীদের মন জয় করতে মার্কিন মুলুকে পৌঁছে গেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়।


নিউ ইয়র্কের এই মর্যাদাপূর্ণ মঞ্চে সাহেবকে দুটি ভিন্ন মেজাজের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।
‘তিন ভুবনের পারে’: সৌমিত্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা এই অনুষ্ঠানে সাহেব অভিনেতার কালজয়ী কিছু ছবির জনপ্রিয় গানগুলো মঞ্চে গাইবেন। শুধু গানই নয়, গানের চিরন্তন সুরের সাথে মঞ্চে পা-ও মেলাবেন তিনি। কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহে আগে এমন পারফর্ম করলেও, আটলান্টিক পাড়ি দিয়ে বিদেশের মাটিতে এই প্রথম এই বিশেষ শো করতে চলেছেন সাহেব।

‘হৃদয়ে উত্তম’: প্রথম অনুষ্ঠানের ঠিক দু-দিন পরেই মঞ্চস্থ হবে মহানায়ক উত্তমকুমারের স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়ে উত্তম’। সেখানে উত্তমকুমারের একাধিক জনপ্রিয় ও রোমান্টিক গানের তালে মঞ্চে নাচ এবং অভিনয়— দু’টোই একসঙ্গে ফুটিয়ে তুলবেন সাহেব।

এই ঐতিহাসিক সফরের বিষয়ে সংবাদমাধ্যম ‘আজকাল ডট ইন’ -কে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সাহেব বলেন, “আমি উৎসাহী বললে কম বলা হবে। সৌমিত্রজেঠু ও আমাদের মহানায়কের কথা যতবার, যেভাবে বিশ্বের যে প্রান্তে বলা হবে, তত ভাল। আর সেইসব বলার একটু সেতুতে যদি আমি অংশগ্রহণ করতে পারি, তাহলে তা আমার কাছে পরম সম্মানের। আপ্রাণ চেষ্টা করব নিজের সবটুকু দেওয়ার। অনুষ্ঠানে বাংলা ছবি এবং আমাদের ইন্ডাস্ট্রির গৌরবময় ইতিহাসের কথাও আমি ওখানকার দর্শকদের সামনে তুলে ধরব।”

সাহেব জানালেন, এই দুটি অনুষ্ঠান ছাড়াও মার্কিন মুলুকে তাঁর নিজস্ব বেশ কিছু কাজ রয়েছে। সেই কারণে আগামী সপ্তাহ দুয়েক তিনি নিউ ইয়র্কেই থাকবেন। কাজের ফাঁকে সময় বের করে মার্কিন শহরের ইতিউতি একটু ঘুরেও নেবেন।

আর সবচেয়ে বড় বোনাস হল, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মাটিতে এখন বসেছে বিশ্ব ফুটবলের মহাসমর— ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের আসর। সাহেবও তাই কাজের ফাঁকে আমেরিকার মাটিতে বসেই বিশ্বকাপের সেই ভরপুর ফুটবল মৌতাত ও মেজাজ তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন।