গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মঙ্গলবার ৯০ বছরের প্রবীণ ব্যক্তিত্বের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়ায়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল-এর আইসিইউতে রাখা হয়েছে সলমন খানের বাবাকে। শোনা গিয়েছিল, সেলিম খানের অবস্থার বিশেষ উন্নতি হয়নি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জটিলতা বেড়েছে। এই মুহূর্তে ভেন্টিলেটরে তিনি।
তাঁর অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে এসেছেন বলিউডের ঘনিষ্ঠরাও। ঠিক এমন সময়ে শাহরুখ খানের একটা পুরনো সাক্ষাৎকার ভাইরাল। শাহরুখ খান একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, “আমি আজ শাহরুখ খান হতে পেরেছি কেবল মাত্র সেলিম খানের জন্য।” মুম্বইয়ে যখন তাঁর একদমই পরিচিত কেউ ছিল না, সেই জীবনযুদ্ধের দিনগুলোয় খান পরিবার তাঁকে যেভাবে আপন করে নিয়েছিল, তা তিনি আজও ভোলেননি।
'কিং খান'-এর কথা, “অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যখন প্রথম মুম্বই আসি, তখন আমি সলমন খানের বাড়িতেই খাওয়াদাওয়া করতাম। সেখানে সেলিম খান আমাকে ভীষণ সাহায্য করেছিলেন। তাঁদের সেই সমর্থনের গুণেই আমি আজ ‘শাহরুখ খান’ হতে পেরেছি।”
বলিউডের 'বাদশা' হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার আগে, আশির দশকের শেষের দিকে শাহরুখের যাত্রা শুরু হয়েছিল ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে বড়পর্দায় তাঁর অভিষেক ঘটে।
প্রসঙ্গত, সেলিম খানের চিকিৎসক জলিল পারকার জানান, তাঁর উপর যে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি (ডিএসএ) করা হয়েছে, সেটি অস্ত্রোপচার নয় বরং পরীক্ষামূলক প্রক্রিয়া। উচ্চ রক্তচাপ থাকায় সতর্কতার জন্যই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। চিকিৎসকদের আশা, সব ঠিক থাকলে শিগগিরই তাঁকে ভেন্টিলেটর থেকে সরানো হতে পারে।
খবর ছড়িয়ে পড়তেই বলিউড মহলে উদ্বেগ ছড়ায়। সেলিম খানের সুস্থতা কামনায় হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন পরিবার ও ঘনিষ্ঠরা। কবি-গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার দু’বার হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন। একসময় সেলিম-জাভেদ জুটি বলিউডে ইতিহাস গড়েছিল। এই জুটির লেখা ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’, ‘শক্তি’ ও ‘মিঃ ইন্ডিয়া’-এর মতো সব ছবি আজও সিনেমার ইতিহাসে 'ক্লাসিক'।
