অ্যাটলি, অল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন—তিনটি নাম যখন একসঙ্গে আসে, তখন সেটা কেবল সিনেমা থাকে না, হয়ে ওঠে এক মহাকাব্যিক প্রজেক্ট। অল্লু অর্জুনর ৪৪তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি ‘রাকা’-র প্রথম লুক। এবার সেই ছবিকে ঘিরেই সামনে এল বছরের সবচেয়ে বড় ‘ব্রেকিং নিউজ’। অল্লু-দীপিকার এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে স্বয়ং বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে।

অ্যাটলির ‘জওয়ান’-এ কাজ করার পর থেকেই শাহরুখ খানের সঙ্গে এই দক্ষিণী পরিচালকের সুসম্পর্ক তৈরি হয়েছে। এবার সেই বন্ধুত্বের খাতিরেই কি ‘পুষ্পা’ রাজের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ‘কিং খান’? অল্লু অর্জুনের জন্মদিনে ‘রাকা’-র পোস্টার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল, এবার শাহরুখের অন্তর্ভুক্তির খবর সেই আগুনে ঘৃতাহুতি দিল।

 

কেন ‘রাকা’-তে রাজি হলেন শাহরুখ? খবর, শাহরুখ খান ইতিপূর্বেই এই ছবিতে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য সম্মতি দিয়েছেন। পরিচালক অ্যাটলি, অভিনেতা আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরেই এই সিদ্ধান্ত বাদশার। মজার বিষয় হলো, ‘জওয়ান’ ছবিতে আল্লু অর্জুনের একটি ক্যামিও করার কথা ছিল, কিন্তু ‘পুষ্পা ২’-এর ব্যস্ততায় তিনি তা করতে পারেননি। এবার সম্ভবত ‘রাকা’-র মাধ্যমে সেই আক্ষেপ মিটতে চলেছে।

ভয়ঙ্কর লুকে ‘রাকা’ অল্লু
ছবির প্রথম পোস্টারেই চমকে দিয়েছেন অল্লু অর্জুন। নেকড়ের মতো লোমশ হাত আর তীক্ষ্ণ নখ দিয়ে ঢাকা মুখের অর্ধেক অংশ— পোস্টারটি এক রহস্যময় এবং তীব্র ‘মাস’ আমেজের ইঙ্গিত দিচ্ছে। খোদ শাহরুখ খানও এই পোস্টারের প্রশংসা করে টুইট করেছেন, “শুভ জন্মদিন আল্লু অর্জুন.. পোস্টারটি তোমার মতোই অদ্ভুত এবং চমৎকার। অ্যাটলির ভাষায় এটা হতে চলেছে পুরোপুরি মসলা ছবি!!”


ছবির তারকাখচিত কাস্ট ও বিশাল বাজেট
কেবল অল্লু, দীপিকা বা শাহরুখ নন, এই ছবিতে দেখা যেতে পারে একঝাঁক তারকাকে:

প্রধান চরিত্র: অল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুর।

বাজেট: ৭০০ কোটি টাকারও বেশি (সান পিকচার্স)।

জানিয়ে রাখা ভাল, মুম্বইয়ের স্টুডিওতে খুব শীঘ্রই পরবর্তী শিডিউল শুরু হবে এবং ২০২৬ সালের শেষের দিকে ছবির কাজ শেষ হওয়ার কথা।