বলিউডে নতুন ছবি মুক্তি পেলেই তা নিয়ে আলোচনা শুরু হয় দর্শক, সমালোচক এবং তারকাদের মধ্যেও। সাম্প্রতিক সময়ে ঠিক তেমনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অনিল কাপুরের নতুন ছবি ‘সুবেদার’। ছবিটি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আর তারপরেই এই ছবি ঘিরে অনলাইন জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পর্যালোচনা, মতামত আর দর্শকদের প্রতিক্রিয়ার ঢেউ। আর সেই আলোচনাতেই নতুন মাত্রা যোগ করলেন শাহরুখ খান।
নিজের সমাজমাধ্যমে পোস্ট করে অনিল কাপুরের অভিনয়ের ঢালাও প্রশংসা করেন শাহরুখ। তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে । বহু দর্শক ও সমালোচক যেখানে ইতিমধ্যেই ছবিটি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছিলেন, সেখানে শাহরুখের প্রশংসা যেন ছবিটিকে ঘিরে নতুন করে আগ্রহ বাড়িয়ে দেয়।
‘সুবেদার’-এ কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে অনিল কাপুরকে। গল্পের মূলে রয়েছেন অর্জুন মৌর্য নামে এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার। দীর্ঘ সামরিক জীবনের পর তিনি শান্ত, স্বাভাবিক এক জীবনে ফিরে আসতে চান। কিন্তু বাস্তবতা খুব সহজ হয় না। পরিবারের সঙ্গে দূরত্ব, বিশেষ করে মেয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, তাঁর জীবনে তৈরি করে এক জটিল মানসিক অবস্থান।
এই ব্যক্তিগত দ্বন্দ্বের পাশাপাশি সমাজের বাস্তব সমস্যাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। স্থানীয় দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের সংগ্রাম—সবকিছু মিলিয়ে অর্জুন মৌর্যের সামনে আবারও তৈরি হয় সংঘাতের পরিস্থিতি। শান্তি খুঁজতে চাইলেও পরিস্থিতি যেন তাঁকে বারবার টেনে নিয়ে যায় লড়াইয়ের ময়দানে।
শাহরুখ তাঁর পোস্টে অনিল কাপুরের অভিনয় নিয়ে বিশেষভাবে উল্লেখ করেন যে, এই অভিনেতার কাছে দর্শকের প্রত্যাশা সবসময়ই অনেক বেশি থাকে। কারণ তিনি যে কোনও চরিত্রেই নিজের সম্পূর্ণ শক্তি উজাড় করে দেন। ‘সুবেদার’-এও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ছবিতে অনিল কাপুরের অভিনয় সংযত, পরিমিত অথচ অত্যন্ত প্রভাবশালী, যা চরিত্রটিকে আরও বাস্তব করে তুলেছে।
তবে প্রশংসা শুধুমাত্র অনিল কাপুই সীমাবদ্ধ রাখেননি শাহরুখ। ছবির অন্যান্য অভিনেতাদের কাজও তাঁর নজর কেড়েছে। সহ-অভিনেতাদের প্রত্যেকেই নিজেদের চরিত্রে স্বতন্ত্র উপস্থিতি তৈরি করেছেন বলে তিনি উল্লেখ করেন। এর ফলে ছবির গল্প আরও গভীরতা পেয়েছে এবং চরিত্রগুলোর মধ্যে সম্পর্কও দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।
Thoroughly enjoyed #Subedaar. Can always count on @AnilKapoor to give it his all - a restrained yet effective performance. His dedication to the craft is inspiring and the action was so good!!! #AdityaRawal, #SaurabhShukla, #MonaSingh, #FaisalMalik, #RadhikaMadan - each…
— Shah Rukh Khan (@iamsrk)Tweet by @iamsrk
ছবিটির পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। জানা যায়, শুরুতে নির্মাতারা ছবিটিকে বড় পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছিলেন। গল্পের আবহ, অ্যাকশন এবং আবেগঘন মুহূর্ত—সব মিলিয়ে এটি বড়পর্দায় দেখানোরই ভাবনা ছিল তাঁদের। কিন্তু নির্মাণপর্বে কিছু সৃজনশীল পরিবর্তনের পর শেষ পর্যন্ত মুক্তির কৌশল বদলে ফেলা হয়।
ফলে থিয়েটারের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ছবির টিম। বর্তমানে ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে উপলব্ধ, এবং মুক্তির পর থেকেই দর্শকমহলে ছবিটি নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে।অনেকের মতে, ছবির মূল শক্তি তার মানবিক গল্প। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা একজন মানুষের ব্যক্তিগত লড়াই, পরিবারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা এবং সমাজের অন্যায়কে সামনে থেকে দেখার অভিজ্ঞতা, এই সবকিছুই গল্পটিকে বাস্তবের খুব কাছাকাছি নিয়ে এসেছে।
শাহরুখ খানের প্রশংসা সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। বলিউডের দুই প্রজন্মের দুই বড় তারকার এই পারস্পরিক সম্মান ও প্রশংসা দর্শকদের কাছেও আলাদা করে নজর কেড়েছে। ফলে এখন প্রশ্ন একটাই—এই আলোচনা কি শেষ পর্যন্ত ‘সুবেদার’-কে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেবে? আপাতত সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া বলছে, ছবিটি নিয়ে কৌতূহল কিন্তু দিন দিন বাড়ছেই।
