বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর তালিকায় এখন শীর্ষে নাম লিখিয়েছে ‘কিং’। কারণ একাধিক। একদিকে এই ছবিতে আবার জুটি বাঁধছেন শাহরুখ খান ও ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ, অন্যদিকে এই ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খান-কে। ফলে ছবিটি ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।
এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে নতুন চমক। ছবির সংগীত পরিচালক জুটি শচীন-জিগর সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন এই ছবিতে শাহরুখকে দেখা যাবে এমন কিছু করতে, যা আগে কখনও করেননি। এক সাক্ষাৎকারে শচীন জানান, ছবির কিছু গানে শাহরুখ এমন এক ভঙ্গিতে লিপ-সিঙ্ক করবেন, যার স্বাদ দর্শক আগে পাননি। তাঁর কথায়, “শাহরুখকে এবার একেবারে নতুন রূপে দেখা যাবে। তাঁর লুক, তাঁর অভিনীত চরিত্রটি- সব বদলে যাবে। এটুকু বলতে পারি, দর্শক এমন কিছু ব্যাপারে শাহরুখকে লিপ সিঙ্ক করতে দেখবে, যা অকল্পনীয়! এই ছবিতে শাহরুখকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।”

এই মন্তব্য সামনে আসতেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ফলে ছবির প্রতীক্ষা আরও বেড়েছে। ছবির গানগুলির সুর করেছেন শচীন–জিগর, আর ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র।
এদিকে ছবির মুক্তির দিনও ঘোষণা হয়ে গিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ‘পাঠান’-এর তিন বছর পূর্তি উপলক্ষে সিদ্ধার্থ আনন্দ জানান, আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। সেই সঙ্গে প্রকাশ্যে আসে ছবির জগতের এক ঝলক যেখানে ধূসর চুলে, তীব্র অ্যাকশনময় লুকে এক নতুন অবতারে দেখা যায় শাহরুখকে।
গত বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় ছবির। ২ নভেম্বর, শাহরুখের জন্মদিনে প্রকাশিত হয় ছবির টাইটেল রিভিল। সেখানে তাঁর মুখে শোনা যায় সংলাপ—“আমি ভয় নই. মূর্তিমান আতঙ্ক!” যা মুহূর্তে ঝড় তোলে সমাজমাধ্যমে।
রেড চিলিজ এন্টাটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবিতে শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ আততায়ী হিসেবে, যিনি আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে কাজ করেন। তাঁর শিষ্যের ভূমিকায় থাকছেন সুহানা, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
ছবির তারকাখচিত কাস্টে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ার্সি, অভয় বর্মাএবং রাঘব জুয়ালl।
শাহরুখের নতুন লুক, মেয়ের সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার, আর সম্পূর্ণ ভিন্ন ধারার সুর, সব মিলিয়ে ‘কিং’ এখন থেকেই বলিউডের সবচেয়ে বড় ইভেন্ট ছবিগুলোর একটি হয়ে উঠছে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।
&t=313s
