শাহরুখ খান-এর নতুন ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা সবসময়ই তুঙ্গে থাকে। ‘ডাঙ্কি’ ছবির পর এবার বড়পর্দায় আরও একবার ঝড় তুলতে আসছেন তিনি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ -এর পরিচালনায় এসআরকে-র পরবর্তী হাই-অকটেন অ্যাকশন থ্রিলার ছবি ‘কিং’ ইতিমধ্যেই বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির। আর ছবি মুক্তির আগেই এর কাস্টিং থেকে শুরু করে প্লট নিয়ে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

‘কিং’ ছবির গল্প কেমন হতে চলেছে?
২০২৪ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার পর থেকেই ‘কিং’ ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতূহল হু হু করে বাড়ছে। ‘পাঠান’  এবং ‘জওয়ান’-এর পর এই ছবিটিতেও যে শাহরুখের এক রূক্ষ, খলনায়কসুলভ বা অত্যন্ত তীব্র অ্যাকশন অবতার দেখা যাবে, তার ইঙ্গিত মিলেছে ছবির টাইটেল রিলিজেই।

ছবির মূল গল্প বা প্লট এখনও পর্যন্ত নির্মাতারা কঠোর গোপনীয়তায় ঢেকে রেখেছেন। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘কিং’ ছবির মূল ভিত্তি হতে চলেছে একজন মেন্টর ও তাঁর শিষ্যের সম্পর্ক। একটি বিপজ্জনক যাত্রায় কীভাবে তারা নিজেদের বুদ্ধি দিয়ে শত্রুদের মাত দেয়, সেটাই ছবির মূল আকর্ষণ।

এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হল বাবা-মেয়ের জুটি। জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিজ’ -এর মাধ্যমে সুহানা খান অভিনয় দুনিয়ায় পা রাখলেও, ‘কিং’ হতে চলেছে তাঁর বড় পর্দায় অর্থাৎ থিয়েটারে প্রথম ছবি। আর সেই ছবিতে তিনি সরাসরি স্ক্রিন শেয়ার করবেন তাঁর বাবা শাহরুখ খানের সঙ্গে। ফলে এই কোল্যাবোরেশন নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ চড়ছে।

 

‘কিং’ ছবির মাধ্যমে আরও একবার সিলভার স্ক্রিনে ফিরছে বলিউডের অন্যতম সফল জুটি—শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন । এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘পাঠানের মতো ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে দেখা গেছে তাঁদের। এক্স-এ ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত দীপিকা ও শাহরুখের রিউনিয়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে, সুপারস্টার নিজেই রসিকতা করে উত্তর দেন, “আমিও ঠিক ওরকমই উচ্ছ্বসিত, হা হা!”

ছবির কাস্টিংয়ে রয়েছে আরও বড় চমক রয়েছে। শোনা যাচ্ছে, এই ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন -কে। শুধু তাই নয়, ছবিতে অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, রানি মুখার্জিয়, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল এবং অভয় বর্মার মতো হেভিওয়েট তারকাদের এক বিশাল সমাহার থাকতে চলেছে। সবমিলিয়ে বড়দিনের ছুটিতে বক্স অফিসে যে এক বিরাট সুনামি আসতে চলেছে, তা বলাই বাহুল্য।