বিগত কয়েক মাস ধরে বলিপাড়ার বাতাস জুড়ে একটাই নাম— ‘কিং’। ২০২৩ সালের বক্স অফিস কাঁপানো সাফল্যের পর, রূপোলি পর্দায় শাহরুখ খানের পরবর্তী অ্যাকশন থ্রিলার নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। প্রতিটা নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গেই ছবিটিকে ঘিরে দর্শকদের প্রতীক্ষার পারদ চড়চড় করে বাড়ছে। এবার শাহরুখ-ভক্তদের জন্য এল বড় খবর— ‘কিং’ ছবির সিংহভাগ শুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে! কেবল বাকি রয়েছে একটিমাত্র চূড়ান্ত ও হাই-ভোল্টেজ আন্তর্জাতিক শিডিউল।
খবর, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী আগস্ট মাসেই শুরু হতে চলেছে এই ছবির শেষ পর্বের কাজ।
ছবির এই বিশাল শিডিউলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশের লোকেশন খতিয়ে দেখছে প্রযোজক ও পরিচালকের টিম। একটি বিশ্বস্ত সূত্রের মতে, "ছবিটির সমস্ত প্রধান অংশের কাজ শেষ। শুধু বিদেশের একটি শিডিউল বাকি রয়েছে। টিম বর্তমানে আমেরিকায় রয়েছে লোকেশন দেখা ও লজিস্টিকসের কাজ মেটাতে। এরপর তারা দক্ষিণ আমেরিকার কিছু দেশে যাবে। সব ঠিক থাকলে আগামী মাসেই পুরো টিম পাড়ি দেবে চূড়ান্ত প্যাক-আপের উদ্দেশ্যে।"
তবে সাধারণ কোনও চেনা লোকেশনের ছবির ফ্রেম দেখা যাবে না ‘কিং’-এ। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং স্বয়ং শাহরুখ খান চাইছেন এমন সব চোখধাঁধানো ও রহস্যময় জায়গা তুলে ধরতে, যা বড়পর্দায় আগে কখনও দেখেননি দর্শক! সূত্রটি যোগ করেছে, "শাহরুখ এবং সিদ্ধার্থ দুজনেই চান আন্তর্জাতিক অ্যাকশন সিকোয়েন্সের জন্য সম্পূর্ণ নতুন ও অদেখা কিছু পটভূমি ব্যবহার করতে।"
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে কিং খানের জন্মদিনে এক নজিরবিহীন ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 'কিং'-এর। 'সিলভার হেয়ার' ও রুক্ষ চেহারায় শাহরুখের মারাত্মক অবতারের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছিল 'কিং'-এর থিম সং। আর সেই সঙ্গে 'বাদশা'র গলায় ভারী সংলাপ— " ভয় নই, আমিই স্বয়ং আতঙ্ক", এক নিমেষে তোলপাড় ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটির মূল আকর্ষণ লুকিয়ে রয়েছে এর কাস্টিংয়ে।
এই ছবির মাধ্যমেই প্রথমবার রূপোলি পর্দায় বাবা-মেয়ের জুটিতে মুখোমুখি হতে চলেছেন শাহরুখ খান ও সুহানা খান। খবর অনুযায়ী, ছবিতে এসআরকে-কে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের এক পেশাদার দুর্ধর্ষ খুনির ভূমিকায় আর সুহানা অভিনয় করছেন তাঁর শিষ্য হিসেবে— যাকে বিপজ্জনক সব মিশন ও লড়াইয়ের জন্য প্রস্তুত করছেন 'কিং' নিজে।
তবে শাহরুখ-সুহানা ছাড়াও ছবিতে দেখা যাবে বলিপাড়ার প্রথম সারির একঝাঁক তারকার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ার্সি, অভয় বর্মা এবং রাঘব জুয়াল।
বিপুল বাজেট, আনকোরা আন্তর্জাতিক লোকেশন আর বাবা-মেয়ের দুর্দান্ত জুটির এই ককটেল যে মুক্তির পর প্রেক্ষাগৃহে সুনামি আনতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই!
















