এক সময় বলিউডের জনপ্রিয় জুটি বলতেই উঠে আসত গোবিন্দা এবং করিশ্মা কাপুরের নাম। তাঁরা একের পর এক হিট ছবি দর্শককে উপহার দেওয়ার পরেও হঠাৎ কেন তাঁরা একসঙ্গে কাজ করা বন্ধ করে দিলেন? এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শগুফতা আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি করিশ্মার কাজের ধরন এবং গোবিন্দার সঙ্গে তাঁর জুটি ভাঙার নেপথ্য কারণ নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন।

শগুফতার মতে, করিশ্মা অত্যন্ত পরিশ্রমী একজন অভিনেত্রী, তবে তাঁর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও সেটে দেখানো হাবভাব বা অহংকার সবার নজর কাড়ত। তিনি জানান, একজন সহ-অভিনেতার সঙ্গে সেটে দৃশ্য ফুটিয়ে তোলার সময় পারস্পরিক বোঝাপড়া বা 'গিভ অ্যান্ড টেক পলিসি' থাকা ভীষণ জরুরি। কিন্তু করিশ্মার ক্ষেত্রে অনেক সময় শুটিংয়ের ফাঁকে বা ডায়ালগ বলার সময় অন্যকে সহযোগিতা না করে নিজের মতো করে কাজ সেরে চলে যাওয়ার প্রবণতা দেখা যেত, যা শেষ পর্যন্ত সহশিল্পীর অভিনয়ে প্রভাব ফেলে।

নব্বইয়ের দশকে 'কুলি নম্বর ১', 'রাজা বাবু', 'হসিনা মান জায়েগি'-র মতো একাধিক ব্লকবাস্টার উপহার দেওয়া এই জুটি কেন হঠাৎ আলাদা হয়ে গেল, সে প্রসঙ্গে শগুফতা মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে হয়তো কাজের প্রতি আগ্রহ বা পারস্পরিক রসায়নে ভাটা পড়েছিল।
এছাড়া দর্শকেরও দীর্ঘদিন একই জুটিকে বারবার দেখতে দেখতে একঘেয়ে লাগতে পারে।

প্রসঙ্গত, ডেভিড ধাওয়ানের ১৯৯৭ সালের হিট ছবি 'হিরো নম্বর ১'-এ গোবিন্দা ও করিশ্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শগুফতা আলিও। বর্তমানে এই বর্ষীয়ান অভিনেত্রীর মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।