স্টার জলসায় আসছে 'বিগ বস বাংলা'। 'বিগ বস'-এর ঘরে তারকাদের উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে দারুণ ভালবাসেন দর্শক। তাই স্টার জলসায় নতুনভাবে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। এবার এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনায় থাকবেন বাংলার 'মহারাজ'। শো-এর প্রতিযোগীদের মধ্যে কাদের দেখা যাবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

জানা যাচ্ছে, এবার 'বিগ বস'-এর ঘরে আসবেন অভিনেতা, ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি এই শো-এর প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। এই বিষয়ে জানতে আজকাল ডট ইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সায়ক চক্রবর্তীর সঙ্গে। তাঁর কথায়, "কই না তো! আমার কাছে এরকম প্রস্তাব এখনও আসেনি।" গুঞ্জন পুরোপুরি এড়িয়ে গিয়েছেন সায়ক। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সায়কের 'বিগ বস'-এ এন্ট্রির কথা। 

এর আগে জানা গিয়েছিল, এই 'কন্ট্রোভার্সিয়াল শো'-এর অন্দরে থাকার জন্য প্রস্তাব গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরত জাহানের কাছে। যশ ও নুসরত নাকি শো-এর প্রস্তাব গ্রহণ করেছেন। যদিও তাঁদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে, বহু তারকা থেকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের নামও। তবে এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে পাকাপাকিভাবে জানা যায়নি কারা এই রিয়্যালিটি শো-এর অংশ হচ্ছেন। 

প্রসঙ্গত, ২০১৩ সালে বাংলায় এই শো প্রথম শুরু হয়। তবে দুটো সিজনের পর সেই সময় বন্ধ হয়ে যায় এই রিয়্যালিটি শো। তখন একটি সিজনের সঞ্চালনায় ছিলেন টলিউডের 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী ও অন্য সিজনে ছিলেন 'সুপারস্টার' জিৎ। এতদিন সৌরভের সঞ্চালনায় 'দাদাগিরি' দেখেছেন দর্শক। এবার 'বিগ বস'-এর ঘরে কার দাদাগিরি চলে সেটাই দেখার।

'বিগ বস মানেই তো 'কন্ট্রোভার্সি', কোন কৌশলে সামলাবেন সৌরভ গাঙ্গুলি? এই রিয়্যালিটি শো-এর আনুষ্ঠানিক ঘোষণার সময় আজকাল ডট ইন-এর প্রশ্নে তিনি বলেছিলেন, "গসিপ বা কন্ট্রোভার্সি তো প্রতিযোগিদের নিয়ে, আমি তো বাইরে থাকব। তাই এত ভাবছি না, সামলে নেব ঠিক।"