'লক্ষ্মী ঝাঁপি'তে এসেছে বিরাট মোড়। স্টার জলসার এই মেগায় এসেছে বড়সড় লিপ। প্রায় আট বছর এগিয়ে গিয়েছে গল্প। এর মধ্যেই ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ চরিত্রের মুখ বদল হল। হঠাৎই 'ঋষভ'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা নীল চ্যাটার্জিকে। এতদিন এই চরিত্রে দর্শক দেখতেন অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। শুরু থেকেই তাঁকেই 'ঋষভ'-এর চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু লিপ আসার পরেই হঠাৎ কেন এই বদল? 

জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সপ্তর্ষি মৌলিকের সঙ্গে। ফোনে তিনি অধরা। তবে এই বিষয়ে কথা বলেছেন নীল। তাঁর কথায়, "আমি এই পরিবর্তন সম্পর্কে কিছুই জানতাম না। আসলে সত্যি বলতে কী, আগে থেকে এই ধারাবাহিকের গল্প সম্পর্কে সেভাবে ধারণা ছিল না। যখন জানতে পারি এই চরিত্রটা আমি করব, তখন জানতাম না এতদিন এখানে সপ্তর্ষিকে দেখা যেত। আমি এই প্রযোজনা সংস্থার অন্য একটি ধারাবাহিক তারে ধরি মনে করিতে আছি। সেই সূত্রে এই কাজের সুযোগ। এখনও পর্যন্ত যা বুঝছি আমার চরিত্রটা ইতিবাচক।"

গল্প অনুযায়ী, ঋষভ নায়িকা ঝাঁপির ছোটবেলার বন্ধু। তাঁর সঙ্গে ঝাঁপির ঘনিষ্ঠতা একেবারেই মেনে‌ নিতে পারে না দীপ। বেশ কিছু সময় ঋষভকে নিয়ে ঝাঁপি ও দীপের মধ্যে ঝামেলা হয়েছে। এখন অনেক বছর পেরিয়ে কেমন এগোবে তাদের গল্প? তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল রথ যাত্রার পুজো চলছে সাড়ম্বরে। তখনই দীপ ঝাঁপিকে আলাদা করে ডাকে। জানায় তার কিছু বলার আছে। সেটা শুনে খুশি হয় নায়িকা, বোঝে এতদিন, এত বছর সে যা শুনতে চেয়েছে দীপের থেকে অবশেষে সেটা শুনতে চলেছে। দীপ অবশেষে তাকে মনের কথা বলতে চলেছে। অন্যদিকে দীপ যায় ফুল কিনতে। জানায় আজই সে ঝাঁপিকে মনের কথা জানিয়ে দেবে। কিন্তু তখনই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে হাজির হয়, এবং জানায় এটা সে কিছুতেই হতে দেবে না। এবং দীপকে গুলি করে। যদিও গল্পে পরে দেখানো হয়েছিল দীপের কোনও ক্ষতি হয়নি। কিন্তু গল্পের নতুন মোড়ে যে লিপ এসেছে তাতে নাকি আরও বড় বিপাকে পড়তে চলেছে এই জুটি। আগামীতে কী হয়, এখন সেটাই দেখার।