বিরাট মোড় আসতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে। গল্পে নায়ক-নায়িকার মাঝে আসছে তৃতীয় ব্যক্তি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন মোড়ের প্রোমো। দেখা যাচ্ছে দীপ ও ঝাঁপি একটুর জন্য গুণ্ডাদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছে। আর তখনই ঝাঁপির সঙ্গে ধাক্কা লাগে একজনের, দু'জনেই মাটিতে পড়ে যায়। দীপ ওই ব্যক্তিকে চিনতে পারে। সে তাদের পরিচিত, নাম ঋষভ। দীপ তাকে জিজ্ঞেস করে যে এতদিন পর ঋষভ এখানে কী করছে? জবাবটা ঝাঁপিই দেয়। সে জানায়, দীপ তার ব্যাঙ্কের সিইও হিসেবে জয়েন করেছে।

এরপর দেখা যায় ঋষভ গিটার বাজিয়ে গান গাইছে ব্যাঙ্কের ভিতরে। শুধু তাই-ই নয়, গানের ফাঁকে ঝাঁপির সঙ্গে খুনসুটিও চলছে তার। এটা কিছুতেই সহ্য করতে পারে না দীপ। সে চিৎকার করে গান থামাতে বলে। কিন্তু তাতে বাধা দেয় ঝাঁপি। সে জানায়, তার নিজস্ব ব্যাঙ্ক তাই এর পরিবেশ নিয়ে দীপের ভাবার কোনও প্রয়োজন নেই। 

ঝাঁপির এই কথায় দীপ অপমানিত বোধ করে। কিন্তু মুখে কিছু বলতে পারে না। দীপ-ঝাঁপির এই দূরত্বের জন্যই কি অন্য কেউ জায়গা করে নেবে ঝাঁপির জীবনে? ঋষভ কি দীপের জায়গাটা পূরণ করে দেবে? তাহলে কী হবে শেষমেশ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

প্রসঙ্গত, 'ঋষভ'-এর চরিত্রে গল্পে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। তাঁকে এতদিন দর্শক স্টার জলসার আরও এক ধারাবাহিক 'গৃহপ্রবেশ'-এ দেখছিলেন। ওই মেগায় তাঁর চরিত্রের নাম 'আকাশ সেন'। তবে টলিপাড়ার অন্দরের খবর, 'গৃহপ্রবেশ' খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। ইতিমধ্যেই শেষদিনের শুটিংও হয়ে গিয়েছে। তাই নতুন চরিত্রে ধরা দিলেন সপ্তর্ষি। 

ধারাবাহিকে দীপ ও ঝাঁপির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তী ও অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, দু'জন নাকি প্রেম করছেন। আর কিছুদিনের মধ্যেই নাকি বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে এসব বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ দু'জনেই। নিজেদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্বের তকমাই দিতে চান তাঁরা। তবে সৌরভ-শুভস্মিতার সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা!