ধুন্ধুমার কাণ্ড হতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'সংসারের সংকীর্তন'-এ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, নন্দ ও লাবণ্য বিয়ে করে বাড়িতে এসেছে। আর সেই দেখে বংশী জিজ্ঞাসা করে, ওরা কি কোনও যেমন খুশি সাজো প্রতিযোগিতায় যাচ্ছে? জবাবে শান্তি বলে, ওরা একে অপরকে ভালবাসত, তাই তারা বিয়ে করেছে।
এই কথা শুনে চটে লাল বংশী। তাদের বাড়ির ঐতিহ্যবাহী নিয়ম অনুযায়ী নাকি প্রেম করে বিয়ে করাই যাবে না। এদিকে, বংশীর ভাগ্নে তাকে আরও রাগিয়ে দেয়। সে বলে, কেবলমাত্র নন্দ ও লাবণ্য নয়, শান্তি ও জয়ন্তও প্রেম করেই বিয়ে করেছে। আর তার চোখে ধুলো দিয়ে এতদিন সেটা গোপন করে রেখেছে। এই কথা শুনে আরও চটে যায় বংশী। সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার কী হবে? শান্তি কি পারবে শ্বশুরের চিরাচরিত ভাবনা বদলাতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল শান্তি ও জয়ন্ত বাড়িতে একটা মাইক্রোওভেন কিনে এনেছে। প্রথমদিকে, বাড়িতে নতুন জিনিস কিনে আনায় অশান্তি করেছিল বংশী। পরে মাঝরাতে উঠে সে-ই যায় ওই মাইক্রোওভেনের কার্যকারিতা দেখতে। কিন্তু ভুলবশত একটা স্টিলের বাটি মাইক্রোওভেনে দিয়ে দেয় সে। আর তখনই মাইক্রোওয়েভ জ্বলে ওঠে। ইলেকট্রিক শকের আওয়াজ পেয়ে নিচে নেমে আসে শান্তি-জয়ন্তরা।
আর ঘাবড়ে যায় বংশী। শান্তি কি মাইক্রোওভেন নষ্ট করার জন্য কিছু বলবে শ্বশুরকে? চিন্তা ছিল দর্শকের মনে। তবে পরিস্থিতি খুব সুন্দর করেই সামাল দেয় শান্তিলতা। কিন্তু এবার নন্দ ও লাবণ্যর বিয়ে হতে না হতেই বংশীর এই বাড়িছাড়া হওয়া কীভাবে সামলাবে সে?















