উত্তর কলকাতার এই বনেদি বাড়ির দালানে সব সময় লেগেই থাকে হইচই। বাড়ির নাম সংকীর্তন। বাঙাল বাড়ির মেয়ে ঘটি বাড়ির বউ হয়ে আসায় একপ্রকার তাণ্ডব চলছে অন্দরমহলে! শাশুড়ি নয়, বউমার সঙ্গে আদায়-কাঁচকলায় শ্বশুরমশাই! কথা হচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'সংসারের সংকীর্তন'-এর‌। এবার শ্বশুর-বউমার দ্বন্দ্ব আরও বাড়তে চলেছে। 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, শান্তি ও জয়ন্ত বাড়িতে একটা মাইক্রোওভেন কিনে এনেছে। প্রথমদিকে, বাড়িতে নতুন জিনিস কিনে আনায় অশান্তি করেছিল বংশী। পরে মাঝরাতে উঠে সে-ই যায় ওই মাইক্রোওভেনের কার্যকারিতা দেখতে। কিন্তু ভুলবশত একটা স্টিলের বাটি মাইক্রোওভেনে দিয়ে দেয় সে। আর তখনই মাইক্রোওয়েভ জ্বলে ওঠে। ইলেকট্রিক শকের আওয়াজ পেয়ে নিচে নেমে আসে শান্তি-জয়ন্তরা। 

আর ঘাবড়ে যায় বংশী। শান্তি কি মাইক্রোওভেন নষ্ট করার জন্য কিছু বলবে শ্বশুরকে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক।

কিছুদিন আগেই শান্তি ও জয়ন্তর ফুলশয্যা ভেস্তে দিয়েছিল বংশী। আর তারপরে শান্তিও বিভিন্নভাবে বংশীর মন জয় করার চেষ্টা করে। অন্যদিকে, শান্তির কিছু ন্যায্য কাজ প্রতিবাদ না করে মেনেও নেয় বংশী। এই ধারাবাহিকের গল্পের বিভিন্ন মোড় পছন্দ করছেন দর্শক। টিআরপিতেও তার প্রভাব দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্পে বাঙাল বাড়ির মেয়ে 'শান্তিলতা'র চরিত্রে দেখা যাচ্ছে মানালিকে। তাঁর বিপরীতে উত্তর কলকাতার ঘটি বাড়ির ছেলে 'জয়ন্ত' হিসেবে রয়েছেন সব্যসাচী। সব্যসাচীর বাবা শুভাশিস। ঘটি বাড়ির মেয়েকে তিনি কিছুতেই মেনে নিতে পারে না। তাই নানা ষড়যন্ত্র করে বউমাকে শায়েস্তা করার চেষ্টা করে সে। এমন অবস্থায় বাঙাল ঘটির এই দ্বন্দ্ব এবং পরীক্ষা সামলে কী করে শান্তি সংসার করে সেটাই দেখার।