আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

পরিবারকে নিয়ে ডিনারে গিয়ে ছবি শিকারিদের ধমক 'এসপি আসলাম'-এর! কেন? 

'ধুরন্ধর ২' ছবি নিয়ে উত্তেজনা কমার নাম নেই। ছবি মুক্তির পর সপ্তাহ খানেকের বেশি পেরিয়ে গেলেও উইকেন্ডে রণবীর সিং অভিনীত এই ছবির টিকিট জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে। অধিকাংশ শো হাউজফুল। এর মধ্যেই পরিবারকে নিয়ে এদিন ডিনারে গিয়েছিলেন ছবির 'এসপি আসলাম চৌধুরী', অর্থাৎ সংযোগ দত্ত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মান্যতা দত্ত, শাহরান এবং ইকরা। তাঁদের দেখেই এদিন ছবি শিকারিরা ছবি তুলতে শুরু করেন। তাঁদের গতিবিধি রেকর্ড করতে থাকেন। একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক মুহূর্ত এভাবে ফ্রেমবন্দি করায় যারপরনাই রেগে যান সঞ্জয় দত্ত। তিনি পাপারাৎজিদের ধমক দিয়ে বলেন, 'আরে ভাই, ২ মিনিট। বন্ধ করো এবার। অনেক হয়েছে।' 

গান বিতর্কের মাঝে দ্বিতীয় বিয়ে, এবার কী বললেন বাদশা? 

বিগত বেশ কয়েকদিন ধরে চর্চায় আছেন বাদশা। সম্প্রতি তাঁর গান 'টট্টিরি' নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এর মধ্যেই ভাইরাল হয় তাঁর দ্বিতীয় বিয়ের ছবি। পাঞ্জাবী অভিনেত্রী এবং মডেল ইশা রিখিকে বিয়ে করেছেন তিনি। তাঁর শাশুড়ি সমাজমাধ্যমে তাঁদের বিয়ের ছবি পোস্ট করেছেন। এবার এত বিতর্কের মাঝে নিজেই মুখ খুললেন ভারতীয় র‍্যাপার। তিনি ইনস্টাগ্রামে লেখেন, 'আমি একদম সত্যি কথা বলছি। গত কয়েক সপ্তাহ আমার অনেক পরীক্ষা নিয়েছে, যার জন্য আমি তৈরি ছিলাম না। এই জীবনের একটা ভার্সন আছে, যা বাইরে দিয়ে একদম নিখুঁত লাগে দেখতে। কিন্তু ক্যামেরা বন্ধ হলেই বাস্তবতা দেখা যায়। আমি অনেক কিছুর সম্মুখীন হচ্ছি এখন। অনেক কিছু নিয়ে ঘেঁটে।' তিনি এদিন আরও লেখেন, 'তবে লন্ডনে এসে আমি একটা জিনিস উপলব্ধি করলাম। আপনি যখন বিভিন্ন শহর, দেশে উড়ে উড়ে বেড়ান, গানের জন্য মানুষের সামনে আসেন, তখন বোঝেন যে এটা আপনার জন্য কতটা। এই রাত আমায় বুঝিয়েছে আমি কে, আর কেন এসব। আমি নতুন ফেজের জন্য তৈরি। নতুন গান আসছে। আমি আমার সবটা তাতে ঢেলে দিচ্ছি।' গান নিয়ে লিখলেও, দ্বিতীয় বিয়ে নিয়ে এদিন কোনও মন্তব্য করেননি বাদশা। 

নিজের 'ধুরন্ধর' বানাবেন বাস্তবের 'জামিল জামালি' নাবিক গাবোল? 

'ধুরন্ধর ২' ছবিটি নিয়ে উত্তেজনা যে তুঙ্গে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ছবির শেষ ভাগে 'জামিল জামালি'র আসল পরিচয় যেভাবে সকলকে চমকে দিয়েছে, সেটা মিমের বহর দেখেই স্পষ্ট। অনেকেই পর্দার 'জামিল জামালি'র সঙ্গে পাকিস্তানি রাজনীতিবিদ নাবিল গাবোলের মিল পেয়েছেন। সেই নিয়েও চলছে মিমের বন্যা। তার মাঝেই এদিন বাস্তবের 'জামিল জামালি' বললেন তিনি নিজে একটা ছবি বানাবেন। নিজের 'ধুরন্ধর' বানাবেন। কেন? যাতে ছবিতে তাঁর বিরুদ্ধে যত 'মিথ্যে অপবাদ' দেওয়া হয়েছে সেটা খণ্ডন করতে পারেন।