বলিউডে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত এবং বিতর্কিত বিষয় হল ‘ডন ৩’ ছবি থেকে রণবীর সিং-এর আচমকা ছেড়ে বেরিয়ে যাওয়া এবং তার জেরে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি ও ফেডারেশনের (FWICE) ‘অসহযোগিতা ফতোয়া’। পরিস্থিতি যখন পুরোপুরি আইনি লড়াই ও কাদা ছোঁড়াছুড়ির দিকে মোড় নিয়েছে, ঠিক তখনই এই বিতর্কিত জট কাটাতে মুশকিল আসান হিসেবে আসরে নামলেন স্বয়ং বলিউডের ‘সুলতান’ সলমন খান!
বি-টাউনের অন্দরের খবর, রণবীর সিং এবং ফারহান আখতার— দু'পক্ষের সঙ্গেই ব্যক্তিগত স্তরে যোগাযোগ করেছেন সলমন। তিনি দু’জনকেই ইগো ভুলে, ফিল্ম ফেডারেশন বা কোনও তৃতীয় পক্ষকে না জড়িয়ে নিজেদের মধ্যেকার বিবাদ মিটিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
সলমন ও ফারহান ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, “সলমন খান যেমন রণবীর সিংকে স্নেহ করেন, তেমনই আখতার পরিবারের সঙ্গেও ওঁর দীর্ঘদিনের সুসম্পর্ক। প্রজেক্টটির ভবিষ্যৎ যাতে কোনওভাবে নষ্ট না হয়, তাই সলমন নিজে দু’পক্ষকে ফোন করেন। তিনি ফারহানকে বোঝান যে, বলিউডে গত কয়েক দশক ধরে সৃজনশীল মতপার্থক্য খুবই সাধারণ একটি বিষয়। আবার ওদিকে রণবীরের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলে ওঁর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছেন ভাইজান। তিনি মূলত ‘কিউপিড’-এর ভূমিকা পালন করছেন যাতে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি না হয় এবং কোনও পক্ষই নিজেকে কোণঠাসা বা প্রতারিত মনে না করে।”
সলমন স্পষ্ট ভাষায় দুই তারকাকে জানিয়েছেন, পুরো বলিউডকে একটি পরিবার বা ‘ওয়ান ইন্ডাস্ট্রি’ হিসেবে ভেবে কাজ করা উচিত এবং কোনও তৃতীয় পক্ষকে ডেকে ঝামেলা আরও বড় করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
ঠিক কী নিয়ে বেঁধেছিল রণবীর-ফারহানের যুদ্ধ? যা প্রথমে কেবলই কাস্টিং পরিবর্তন মনে হচ্ছিল, তা এখন এক কুৎসিত বিতর্কে রূপ নিয়েছে। শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবিতে চরিত্রের রূপরেখা কেমন হবে, তা নিয়েই ফারহান আর রণবীরের মধ্যে মতবিরোধ চরমে ওঠে। ‘ডার্কার ও ভায়োলেন্ট ‘ডন’ চেয়েছিলেন রণবীর: রণবীর সিং চেয়েছিলেন ‘ডন’-এর এই নতুন সংস্করণটি অনেক বেশি ডার্ক, আক্রমণাত্মক এবং হিংস্রতায় ভরা হোক। ছবিতে গালাগালি এবং অ্যাকশনের মাত্রা বাড়ানোর পক্ষে ছিলেন তিনি। কিন্তু পরিচালক ফারহান আখতার ওঁর ফ্র্যাঞ্চাইজির আসল আভিজাত্য ও স্টাইল বজায় রাখতে চেয়েছিলেন। তিনি ওঁর মূল চিত্রনাট্য থেকে সরতে রাজি ছিলেন না। এর পাশাপাশি বারবার শুটিংয়ের ডেট পিছিয়ে যাওয়া এবং লকড ফাইনাল চিত্রনাট্য হাতে না পাওয়ার কারণেও বিরক্ত ছিলেন রণবীর।
এই মতপার্থক্যের জেরেই রণবীর ছবি ছাড়লে, ফারহান আখতার ফেডারেশনের দ্বারস্থ হন। গত ২৫শে মে ফেডারেশন রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে জানায়, বারবার ডাকা সত্ত্বেও রণবীর সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্য জানাননি। ওদিকে এক্সেল এন্টারটেইনমেন্ট প্রি-প্রোডাকশনের খরচের দোহাই দিয়ে রণবীরের থেকে ৪৫ কোটি টাকা দাবি করে আইনি নোটিশ পাঠায়। তবে এই ফতোয়া ও ৪-৫ কোটির কেলেঙ্কারির মাঝেও রণবীর সিং অত্যন্ত পরিণত ব্যবহার করেছেন। ওঁর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন -
“‘ডন ৩’ নিয়ে চলা সমস্ত জল্পনার মাঝেও রণবীর সচেতনভাবেই নীরবতা বজায় রেখেছেন। তিনি বিশ্বাস করেন যে পেশাদারী মতপার্থক্য এবং ব্যক্তিগত সম্পর্কগুলো সবসময় মর্যাদা, পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে আড়ালে সমাধান করা উচিত, হাটে হাঁড়ি ভেঙে নয়।”
এখন দেখার, ভালবাসার জোরে সলমন খান শেষ পর্যন্ত এই যুদ্ধ থামাতে পারেন কি না।
















