রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’-এ বিশেষ চরিত্রে দেখা যেতে পারে সলমন খানকে। এমন জল্পনাই এখন তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড সুপারস্টারের একটি ছবি ভাইরাল হতেই শুরু হয় আলোচনা। অনেকেরই ধারণা, আদিত্য ধর পরিচালিত এই ছবির শুটিংয়েই নাকি অংশ নিয়েছেন সলমন। যদিও একাংশের মতে, ভাইরাল হওয়া ছবিটি এডিট করা বা এআই-এর সাহায্যে তৈরি হতে পারে। তবুও ছবিতে সলমনের ক্যামিও থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

এই বিষয়ে এখনও পর্যন্ত সলমন বা ছবির নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি, ‘ধুরন্ধর ২’-এ ‘বড়ে সাহেব’ চরিত্রে দেখা যেতে পারে সলমনকে। শোনা যাচ্ছে, প্রথম ছবির সাফল্যের পর সিক্যুয়েলকে আরও বড় পরিসরে উপস্থাপন করতেই তাঁকে যুক্ত করার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

এরই মধ্যে মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘ধুরন্ধর ২’-এর টিজার প্রকাশ করেছেন রণবীর। টিজারে পাকিস্তানে ভারতের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় তাঁর চরিত্র হামজাকে। সংলাপে শোনা যায়, “ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা ভি, অউর মারেগা ভি।” টিজারে আরও ঝলক মিলেছে অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্তের।

এর আগে ছবির প্রথম পোস্টার ও শিরোনাম প্রকাশ করেন রণবীর। লাল পটভূমির সামনে কালো ট্রেঞ্চ কোটে, খোলা চুলে একেবারে ভিন্ন লুকে ধরা দেন অভিনেতা। পোস্টারেই ইঙ্গিত মিলেছে আরও তীব্র অ্যাকশন, বাড়তি উত্তেজনা ও আগের তুলনায় অনেক বেশি নির্মম এক অধ্যায়ের।

‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পর সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা তুঙ্গে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। গত মাসেই ছবির প্রথম প্রোমোকে ‘এ’ (শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি। টিজারের দৈর্ঘ্য ১ মিনিট ৪৮ সেকেন্ড, যা ছবির কড়া অ্যাকশন-থ্রিলার ঘরানাকেই আরও একবার ফুটিয়ে তোলে।

আদিত্য ধর পরিচালিত এই ছবি ১৯ মার্চ মুক্তি পাবে, ফলে বক্স অফিসে মুখোমুখি লড়াই হতে চলেছে যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর সঙ্গে। একই দিনে মুক্তি পাচ্ছে আদিবি শেষ ও ম্রুণাল ঠাকুর অভিনীত ‘ডাকোয়েত’ ছবিটিও।

সলমনকে পরবর্তীতে দেখা যাবে ‘ব্যাটল অফ গালওয়ান’-এ। অপূর্ব লখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভয়াবহ সংঘর্ষকে তুলে ধরে যেখানে ভারতীয় এবং চিনা সেনারা অস্ত্র ছাড়াই মোকাবিলা করেছিলেন। সংঘর্ষে সৈন্যরা লাঠি এবং পাথরের সাহায্যে লড়াই করেছিলেন, যা সাম্প্রতিক ভারতের ইতিহাসে সবচেয়ে আবেগঘন ঘটনার মধ্যে একটি।

প্রভাবশালী বিষয়বস্তু এবং শক্তিশালী কাস্টের সঙ্গে ‘ব্যাটল অব গালওয়ান’ ভারতের সশস্ত্র বাহিনীকে নিয়ে তৈরি ছবিগুলির মধ্যে অন্যতম একটি হতে চলেছে। সলমনের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।