সলমন খানের রসবোধ এবং আড্ডা জমিয়ে তোলার ক্ষমতা সর্বজনবিদিত। শনিবার মুম্বইয়ে আয়োজিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে আবারও ওঁর সেই চিরপরিচিত রসিক মেজাজে ধরা দিলেন বলিউডের ‘ভাইজান’। সামনেই মুক্তি পেতে চলেছে অভিনেতা বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। আর সেই ছবিতেই সলমনের ১৯৯৯ সালের ব্লকবাস্টার ছবি ‘বিবি নম্বর ১’-এর আইকনিক গান ‘চুনরি চুনরি’-র রিমেক বা রিক্রিয়েশন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই বিষয় নিয়েই প্রকাশ্য মঞ্চে বরুণকে চরম ট্রোল করলেন সলমন, যা দেখে লজ্জায় লাল হয়ে গেলেন ধাওয়ান-পুত্র।
শনিবার মুম্বইয়ে একটি জনপ্রিয় মুভি চেন সংস্থা-এর তরফে বলিউডের পরিচালক ডেভিড ধাওয়ানের চলচ্চিত্র সফরকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল এক বিশেষ চলচ্চিত্র উৎসব— ‘ডেভিড ধাওয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’। বাবার এই বিশেষ দিনে ওঁর সঙ্গে হাজির ছিলেন বরুণ ধাওয়ান। তবে গোটা সন্ধ্যার সব লাইমলাইট কেড়ে নেয় সলমন খানের আকস্মিক এন্ট্রি। ব্ল্যাক টি-শার্ট, লেদার জ্যাকেট এবং ডেনিম জিন্সে ভাইজানকে অবিকল নয়ের দশকের সেই চেনা ‘চকোলেট হিরো’র মতো লাগছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সলমন খান অনুষ্ঠান চত্বরে প্রবেশ করতেই ওঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন ডেভিড ধাওয়ান ও বরুণ। ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই হঠাৎ উপস্থিত দর্শকদের দিকে তাকিয়ে রসিকতার সুরে সলমন বলে ওঠেন— “ও আমার আরও একটা গান চুরি করে তুলে নিয়েছে!”।
সলমনের মুখে এই ‘অভিযোগ’ শুনেই লজ্জায় ও হাসিতে ভেঙে পড়েন বরুণ। ভাইজানের হাত ধরে ওঁকে থামাতে সচরাচর ওঁর চেনা স্টাইলে বরুণ বলে ওঠেন— “ভাই, এবার দয়া করে থামো!”।
উল্লেখ্য, সলমন ও সুস্মিতা সেনের ‘চুনরি চুনরি’ গানটি আজও প্রতিটি বলিউড প্রেমীর হৃদয়ে রাজত্ব করে। এর আগেও বরুণ ওঁর ‘জুড়ুয়া ২’ ছবিতে সলমনের আইকনিক ট্র্যাক ‘চলতি হ্যায় কেয়া ৯ সে ১২’ এবং ‘উঁচি হ্যায় বিল্ডিং’-এর রিমেকে নাচ করেছিলেন। আর এবার বরুণের আগামী ছবিতে এই নতুন ভার্সনে ওঁর সাথে কোমর দোলাবেন পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুর।
সলমন মজা করে বরুণের পিছনে লাগলেও, বাস্তব জীবনে ‘চুনরি চুনরি’ গানের রিমেক নিয়ে বলিউডের অন্দরমহলে এক তুমুল বিতর্ক এবং প্রযোজকদের মধ্যে সংঘাত চলছে। গানটির স্বত্ব ব্যবহার নিয়ে প্রযোজক রমেশ তৌরানি, পরিচালক ডেভিড ধাওয়ান এবং বর্ষীয়ান প্রযোজক বাসু ভাগনানি-র মধ্যে বিবাদ চরমে পৌঁছেছে।
বাসু ভাগনানির অভিযোগ, ওঁর ছবির গান ওঁর অনুমতি বা সম্মতি ছাড়াই অনৈতিকভাবে রিমেক করা হয়েছে এবং এই প্রজেক্টে ডেভিড ধাওয়ানের জড়িয়ে থাকা নিয়ে তিনি তীব্র হতাশা প্রকাশ করেছেন। যদিও ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রযোজক রমেশ তৌরানি দাবি করেছিলেন যে বিষয়টি মিটে গিয়েছে এবং এটি ছবির মুক্তিতে কোনও প্রভাব ফেলবে না, তবে বাসু ভাগনানি পরবর্তীতে সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করে জানান যে আইনি লড়াই এখনও মেটেনি। ‘টিপস ফিল্মস লিমিটেড’ প্রযোজিত এই রোমান্টিক-কমেডি ছবিটি আগামী ৫ই জুন, ২০২৬-এ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তবে রিলিজের আগে এই ছবির গান নিয়ে বলিউডের দুই হেভিওয়েটের ঠান্ডা লড়াই এবং সলমনের এই মজাদার খোঁচা— দুই-ই এখন ‘টক অফ দ্য টাউন’।















