সংবাদ সংস্থা মুম্বই: দেশের অন্যতম প্রথম সারির নায়ক তিনি। প্রতি ছবিপিছু তাঁর পারিশ্রমিকের অঙ্কটা কপালে চোখ তোলার মতোই। তিনি সলমন খান। তবে জানেন কি তেমন চরিত্র হলে টাকা পয়সার তোয়াক্কাও করেননি ভাইজান  প্রয়োজনে বিনি পয়সায় অভিনয় করেছেন সেই প্রজেক্টে কেরিয়ারের তুঙ্গে থাকার সময়েই! উদাহরণ হিসাবে বলা যায় ফির মিলেঙ্গে ছবির নাম।

 

সলমন খান মানে শুধুই অ্যাকশন হিরো অথবা মিষ্টি রোম্যান্টিক নায়ক নন।  নিজের তিন দশকের কেরিয়ারে বড়পর্দায় অন্যরকমের চরিত্রেও একাধিকবার দেখা গিয়েছে টাইগারকে। এই ক্ষেত্রেও উদাহরণ হিসাবে উঠে আসবে ফির মিলেঙ্গে ছবির নাম। জানেন কি, মাত্র এক টাকা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেছিলেন সলমন? রেবতী পরিচালিত ফির মিলেঙ্গে ছবিতে একজন এইচআইভি এইডস আক্রান্ত রোগীর চরিত্রেও অভিনয় করেছিলেন সলমন। ছবির প্রযোজক শৈলেন্দ্র সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে কীভাবে সলমন বিনামূল্যে এইচআইভি এইডস নিয়ে সিনেমা করেছিলেন যখন পুরো বলিউড এই ছবিতে কাজ করতে রাজি হয়নি।

 

 

শৈলেন্দ্র সিং-এর কথায়, “বলিউডের তরুণ প্রজন্মের আইকন সলমন খান। গোটা ভারতের, বিশেষ করে যুবকদের জন্য এইডস বিষয়ে সচেতনতা তৈরি করতেই সলমন এই ছবিটি করেছিলেন। সিনেমাটির জন্য ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এবং ক্লাইম্যাক্সে তিনি মারা যান। ইন্ডাস্ট্রির বহু তারকা আমাকে না বলেছে কিন্তু সলমন রাজি হয়েছিলেন এক কথায়। সলমন-ভক্তরা যে তাঁদের প্রিয় অভিনেতাকে এই চরিত্রে দেখতে পছন্দ করেননি, সেকথাও জানিয়েছেন ওই প্রযোজক।

 

ছবিতে মুখ্য অভিনেত্রীর চরিত্রে দেখা গিয়েছিল শিল্প শেঠিকে। তাঁর অভিনীত চরিত্রটি ছিল এক এইচআইভি পজিটিভ-এর। সলমন তাঁর প্রাক্তন প্রেমিক।  স্রেফ এইচআইভি পজিটিভ হওয়ার জন্য সমাজে, কর্মস্থলে কতভাবে হেনস্থা হতে হয় শিল্পাকে এবং সেসবের মোকাবিলা কীভাবে করেন তিনি, তা নিয়েই এগোয় ছবির গল্প। ছবিতে শিল্পার উকিলের ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেক বচ্চনকেও। ছবির শেষে মৃত্যু হয় সলমন অভিনীত চরিত্রটির। এ প্রসঙ্গে 'ফির মিলেঙ্গে'র প্রযোজক শৈলেন্দ্র সিং বলেন, “ক্লাইম্যাক্সে সলমনের মৃত্যু, স্পষ্টতই তাঁর ভক্তরা খুশি ছিলেন না। কিন্তু এইডস বিষয়ে সচেতনতার সেই বার্তা পৌঁছে গেল তাঁর ভক্ত সহ গোটা দেশে”।