আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।

 

ভেন্টিলেশনে সেলিম

 

বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। ৯০ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বকে মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, উচ্চ রক্তচাপজনিত গুরুতর জটিলতার কারণে তাঁর অবস্থার অবনতি হয়েছে এবং বর্তমানে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।মঙ্গলবার সকালে হঠাৎ শারীরিক অস্বস্তি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আইসিইউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাবার অসুস্থতার খবর পেয়েই নিজের সমস্ত শুটিং এবং কাজ স্থগিত রেখে হাসপাতালে ছুটে যান সলমন খান। একে একে সেলিম খানকে দেখতে আসেন পরিবারের সদস্যরা এবং বলিউডের ঘনিষ্ঠরাও। 

 

প্রয়াত প্রবীণা

 

প্রয়াত মারাঠি অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার ৬০ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। মারাঠি বিনোদন জগতের পাশাপাশি হিন্দি সিনেমাতেও তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতের চলচ্চিত্র ও নাট্য জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণা রক্তের ক্যানসারে ভুগছিলেন বলে জানা গিয়েছে। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সহকর্মী ও অনুরাগীরা শোক প্রকাশ করেন। বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

'বাপু'র চরিত্রে মনোজ

 

মহাত্মা গান্ধীকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বলিউডের দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী। পরিচালক সুধীর মিশ্রর আগামী ছবিতে 'বাপু'র ভূমিকায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক নিজেই সমাজমাধ্যমে এই খবরের সিলমোহর দিয়েছেন। আর সবথেকে বড় খবর হল, এই গুরুত্বপূর্ণ ছবির শুটিংয়ের জন্য তিলোত্তমা কলকাতাকেই বেছে নিয়েছেন নির্মাতারা। বিনোদন জগতে এই নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে পরিচালক সুধীর মিশ্র একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট করে দেন যে, সবকিছু পরিকল্পনা মাফিক চললে মনোজ বাজপেয়ীই হচ্ছেন তাঁর 'গান্ধী'। এই ঘোষণার পর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।