বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মুম্বইয়ের একটি হাসপাতালে এদিন তাঁকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা রটার পরই তাঁর অনুরাগী এবং ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে সেলিম খানের স্বাস্থ্য নিয়ে। যদিও তাঁর ঠিক কী হয়েছে, কেন হাসপাতালে ভর্তি করানো হল সেই সমস্ত তথ্য এখনও পাওয়া যায়নি। এই কঠিন সময় তাঁর ছেলে, তথা সুপারস্টার সলমন খান তাঁর পাশে রয়েছেন। খান পরিবারের বাকিরাও রয়েছেন সেখানে।
মুম্বইয়ের সংবাদসংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরই সেখানে তড়িঘড়ি সলমন খানকে পৌঁছতে দেখা যায়। ছিলেন বর্ষীয়ান চিত্রনাট্যকারের মেয়ে আলভিরা খান অগ্নিহোত্রী, জামাই আয়ুশ শর্মা (অর্পিতা খানের স্বামী), প্রমুখ। আলভিরার স্বামী অতুল অগ্নিহোত্রীও এসেছিলেন হাসপাতালে।
সেলিম খানকে খান পরিবারের সদস্যরা যে হাসপাতালে দেখতে এসেছিলেন তার একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে সলমন খানকে কালো টিশার্ট, জিন্স এবং টুপি পরে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। তিনি এদিন মিডিয়ার জন্য বিন্দুমাত্র দাঁড়াননি। গম্ভীর মুখে হাসপাতাল প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে যান।
তাঁদের এই ভিডিওগুলো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই চিন্তা বাড়ছে অনুরাগীদের। একাধিক মন্তব্য এসেছে সেলিম খানের কী হয়েছে, এখন তিনি কেমন আছেন সেসব জানতে চেয়ে। কেউ কেউ আবার তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৫ সালের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দিলেন সেলিম খান। তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর তিনি লেখালিখির দিকে সরে এলে বড় ব্রেক পান। জাভেদ আখতারের সঙ্গে হাত মিলিয়ে ১৯৭০ এবং ৮০ এর দশকে একাধিক কালজয়ী উপহার দিয়েছেন সেলিম খান। সেই তালিকায় রয়েছে 'জঞ্জির', 'দিওয়ার', 'ডন', ইত্যাদির মতো ছবি। এছাড়াও 'আঙ্গারে', 'নাম', 'কব্জা', 'জুর্ম', ইত্যাদি ছবিতে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। সেলিম খান প্রথম সালমা খানকে বিয়ে করেন। তাঁদেরই তিন সন্তান হলেন সলমন খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রী। ১৯৮১ সালে সেলিম খান জনপ্রিয় অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন। পরবর্তীতে তাঁরা দত্তক নেন অর্পিতা খানকে।
