বলিউডের নস্টালজিয়া আর শাহরুখ খানের পর্দায় ম্যাজিক, এই দুইয়ের মিশেলে 'কভি হ্যাঁ কভি না' আজও অনেকের কাছেই আবেগের জায়গা। তবে সম্প্রতি এই ছবির শুটিংয়ের সময়কার এক অজানা কাহিনি ফাঁস করেছেন অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী। এত বছর পর সাদিয়া জানিয়েছেন, তিনি শুরুতে এই ছবিতে অভিনয় করতে চাননি। কেন? কারণটা শুনলে অবাক হবেন।
সাদিয়া তখন সবেমাত্র দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক 'হমরাহি'-র মাধ্যমে পরিচিতি পেয়েছেন। সেই সময় পরিচালক কুন্দন শাহ তাঁকে শাহরুখ খানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সাদিয়ার মন তখন অন্য কোথাও। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি শাহরুখের প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিলেন যে, 'কিং খান'-এর বোনের চরিত্র করা তাঁর পক্ষে অসম্ভব ছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া বলেন, "আমি তখন শাহরুখের প্রেমে পাগল। আমার চোখে তিনি ছাড়া আর কেউ নেই। আমি তো পরিচালককে বলেছিলাম, আমি শাহরুখের বোনের চরিত্রে একদম অভিনয় করতে পারব না, কারণ আমার মনে তাঁর জন্য অন্য অনুভূতি কাজ করছে। আমার চোখেই তা ফুটে উঠবে।"
শুধু তাই নয়, অভিনেত্রী চেয়েছিলেন শাহরুখের বিপরীতে নায়িকা অর্থাৎ 'অ্যানা'-র চরিত্রে অভিনয় করতে। শেষ পর্যন্ত অবশ্য সাদিয়া শাহরুখের বোনের চরিত্রেই অভিনয় করেন এবং তাঁর পেশাদারিত্বের প্রমাণ দেন। সাদিয়া জানান, শাহরুখের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। শুটিংয়ের মাঝে শাহরুখের সেই অমায়িক ব্যবহার আজও তাঁর স্মৃতিতে উজ্জ্বল। এত বছর পর শাহরুখের প্রতি সাদিয়ার ভাললাগার স্বীকারোক্তি এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।















