বাংলার প্রথম হাইব্রিড ওটিটি অ্যাপ, 'সবসময়' আত্মপ্রকাশ করল। বাঙালি দর্শকদের জন্য এমন এক ডিজিটাল স্ট্রিমিং ইকোসিস্টেম এটি, যেখানে পকেটে বিশেষ চাপ না দিয়েই বিভিন্ন ধরনের বাংলা কন্টেন্ট দেখা যাবে। এখানে কী থাকবে না? ওয়েব সিরিজ থেকে শুরু করে মাইক্রো সিরিজ, জেন এআই শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও থাকবে। এমনকী বাদ যাবে না অরিজিন্যাল ডিজিটাল ফিল্ম, নন ফিকশন ফরম্যাটের শো থেকে এক্সক্লুসিভ ইন্ডিপেন্ডেন্ট সঙ্গীতের ভাণ্ডার।
সবসময় ওটিটি প্ল্যাটফর্মের প্রতিশ্রুতি একটাই, 'প্রিমিয়াম বিনোদন, কিন্তু প্রিমিয়াম মূল্যে নয়।' এই হাইব্রিড ওটিটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা, সিএফও এবং সিওও হলেন ঋক বসু। ঋক এর আগে ডিজনি হটস্টার মুম্বইয়ের সিনিয়র ম্যানেজার, ক্রিয়েটিভ কমিউনিকেশন এবং পকেট এফএম এশিয়া প্যাসিফিকে ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করেছেন। তাঁর সেই পূর্বঅভিজ্ঞতার পাশাপাশি সৃজনশীল এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি এই প্ল্যাটফর্মের ভিত্তি। নতুন এই ওটিটি মাধ্যম প্রসঙ্গে তিনি বলেছেন, "বাংলা তার নিজস্ব ওটিটি শক্তিকেন্দ্র পাওয়ার যোগ্য, যা হবে সাশ্রয়ী, সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক এবং নিরন্তর উদ্ভাবনী। আমরা শুধু আরও একটি স্ট্রিমিং অ্যাপ লঞ্চ করছি না; আমরা গড়ে তুলছি একটি টেকসই কনটেন্ট ইকোসিস্টেম, যেখানে বাংলা গল্প বিকশিত হবে। পাশাপাশি নির্মাতারা বিকাশের সুযোগ পাবেন এবং প্রতিটি পরিবার সাধ্যের মধ্যে বিশ্বমানের ডিজিটাল বিনোদন উপভোগ করতে পারবে।"
ঋকের এই উদ্যোগকে আরও শক্তিশালী করে তুলেছেন শিল্পপতি এবং ম্যাকনেইল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও শ্রী প্রদীপ চুড়িওয়াল।
'সবসময়' ওটিটি মাধ্যম বাকি অন্যান্য অ্যাপের থেকে কোথায় আলাদা? এখানে পাওয়া যাবে অভিনব হাইব্রিড মডেল। অর্থাৎ এখানে কিউরেটেড প্রিমিয়াম কন্টেন্ট থাকবে, পাশাপাশি হাই ফ্রিকোয়েন্সির শর্ট ফরম্যাট কন্টেন্ট থাকবে। বাদ যাবে না, এআই নির্ভর গল্প বলার নতুন এক প্রচেষ্টা।
সবসময় প্ল্যাটফর্মের একদম গোড়াতেই দর্শকদের জন্য থাকছে, অভ্রজিৎ সেনের 'কঙ্কাল কাণ্ড', মৈনাক ভৌমিকের 'বিদায়', অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের 'দক্ষিণ হস্ত', অরুণাভ খাসনবিশের একটি সিরিজ, সেলিব্রিটি চ্যাট শো, ইত্যাদি।
