সম্প্রতি পরিচালক তথা প্রযোজক অঞ্জন কাঞ্জিলাল দাবি করেন তাঁর ছবি 'সাজঘর' -এর কাজ অর্ধেক হয়ে আটকে রয়েছে। প্রযোজকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি বলেই তিনি তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন। এবার গোটা বিষয়ে মুখ খুললেন প্রযোজক সুমন সেনগুপ্ত। 

এদিন ফেসবুকের পাতায় দু'টো ছবি পোস্ট করেন সুমন। অঞ্জন কাঞ্জিলালের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমি সুমন সেনগুপ্ত, এসএসজি এন্টারটেইনমেন্টের কর্ণধার, টলিউডে প্রডিউসার হিসেবে পা রেখেছিলাম ২০১৮ সালে। এখন চারিদিকে অভিযোগ আর দোষী সাব্যস্ত করার একটা ট্রেন্ড চালু হয়েছে, স্ক্রোল করতে করতে দেখি, পড়ি, ইগনোর করে আবার স্ক্রোল করি, সেখানেই আজকে হঠাৎ একটা পোস্ট দেখলাম যেটা আমার নামে আর সেখানে ক্লেইম করা হচ্ছে যে কেউ নাকি আমাকে খুঁজেই পাচ্ছেন না, প্রথমে ভেবেছিলাম আমাকে না খুঁজে পেয়ে চিন্তায় হয়তো এই পোস্ট, কিন্তু দেখলাম না সেটা ঠিক নয়।'

সুমন আরও লেখেন, 'স্বনামধন্য পরিচালক শ্রী অঞ্জন কাঞ্জিলাল পোস্টটি করেছেন, অবাক হলাম এই কারণেই কারণ আগের মাসেই যখন উনি আমাকে মেসেজ জিজ্ঞেস করলেন যে আমাদের এবার একটু বসা দরকার সাজঘর প্রজেক্টটি নিয়ে তাঁরই বাসায়, আমি তৎক্ষণাৎ তাকে রিপ্লাইও দিই, যে আমি বসার জন্য প্রস্তুত, তাঁর মূল্যবান সময় থেকে যদি সময় বার করতে পারেন তাহলে আমরা তাড়াতাড়ি বসে যাই আর একটা সলিউশনে আসি! কিন্তু এই মেসেজের পরে আর কোনো রিপ্লাই পাইনা তাঁর থেকে। এবার আসি বকেয়া টাকার ক্ষেত্রে, যেটা আমার নিরুদ্দেশ সম্পর্কে পোস্টের সাথে যোগ করা হয়েছে, প্রথমত ৮০ শতাংশ পেমেন্ট আর্টিস্ট আর টেকনিশিয়ান্সদের (পরিচালক সহ) ক্লিয়ার করা হয় শুটিংয়ের শেষেই আর ২০ শতাংশ ফান্ড আর কিছু শর্তাবলীর জন্যে হোল্ড করা হয় সাথে এটাও জানিয়ে দেওয়া হয় ডাবিংয়ের সময় আর সিনেমা রিলিজের আগে এই বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। আমি টাকা জোগাড় করার চেষ্টা করছি এবং BSP-এর সঙ্গেও ধারাবাহিকভাবে আলোচনা করছি, যাতে কোনো একটা স্বাস্থ্যকর সমাধান বের করা যায়, কিন্তু এখনও পর্যন্ত কিছুই কার্যকর হয়নি।" 

সুমন দাবি করেন তিনি সিনেমাটি সরাসরি ওটিটিতে রিলিজ করানোর চেষ্টা করছেন। যদি তাঁর সেই প্রচেষ্টা সফল হয় তাহলে তিনি পুরনো বকেয়া টাকা পরিশোধ করা দেবেন, তারপর তিনি বিনিয়োগের টাকা ফেরত নেবেন। 

অঞ্জন কাঞ্জিলাল কিছুদিন আগে সুমনের বিরুদ্ধে অভিযোগ এনে লেখেন, 'সুমনা কাঞ্জিলালের লেখা গল্প নিয়ে, আমার চিত্রনাট্য ও পরিচালনায় একটি ছবি করি, 'সাজঘর'। প্রযোজনা করে সুমন সেনগুপ্ত । পরবর্তীকালে  ছবিটিতে  বিগ স্ক্রিন প্রোডাকশন, চন্দ্রিমা ঘোষ রায়ও যোগ দেয়। ছবিটি সম্পূর্ণ গিল্ড নিয়ে ও ফেডারেশনের সব নিয়ম মেনে তৈরী হয়। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিত চ্যটার্জি, অঙ্কুশ হাজরা,ব ঐন্দ্রিলা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায় চৌধুরী, অনুভব কাঞ্জিলাল, অনুষ্কা চক্রবর্তী, ভদ্রা বসু  প্রভৃতি পরিচিত শিল্পী রা। ছবিটি শুরু হয় ২০২২ এ, স্যুটিং শেষ হয় ২০২৩ তে, তারপর এডিট ও হয়ে যায়। ব্যাস তারপর থেকে শুরু হয় নাটক! প্রযোজক সুমন সেনগুপ্ত কোন শিল্পীর, এবং আমি সহ,সিনিয়র টেকনিশিয়ন দের পয়সা না দেওয়ায়, পোস্ট প্রোডাকশন  এডিটএফক্স  এর কাজ বন্ধ হয়ে যায়!! আজ তিন বছর ধরে ছবিটি আটকে রয়েছে, আর তার আগে ছ'বছর ধরে আমার শ্রম। যে কয়েকজন ছবিটির  রাফ কাট দেখেছেন প্রত্যেকে উচ্ছসিত প্রসংশা করেছেন। বুম্বা দার মতো শ্রদ্ধেয় শিল্পী নিজেও কয়েকবার উদ্যোগী হয়ে চেষ্টা করেছেন...  কিন্তু কোন ফল হয় নি। সুমন সেনগুপ্তকে কোন ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না! আর কখনো কথা হলেই নোতুন প্রতিশ্রুতি।' (দুই পোস্টদাতা বানান সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হল)।

২০২২ সালে শুরু হয় 'সাজঘর' ছবির শুটিং। অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন প্রমুখকে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন বছর পরও শেষ হয়নি ছবির কাজ, দেখেনি মুক্তির আলো।