পাঁচ বন্ধু, আর রহস্যের মিশেলে ঘেরা তাঁদের জীবন। এরকমই এক গল্প নিয়ে আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। ছবির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে, সেটা ইতিমধ্যেই জানা গিয়েছে।
সূত্রের খবর, পাঁচ বন্ধুর চরিত্রে থাকবেন আরিয়ান ভৌমিক, ঋতব্রত মুখার্জি, পুষণ দাশগুপ্ত, লেখা চ্যাটার্জি ও অনুষা বিশ্বনাথন। গল্পে দেখা যাবে, পাঁচ বন্ধু পাহাড়ে বেড়াতে যাবে। আর সেখানে গিয়েই ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হবে তারা। কীভাবে সেই চক্রবূহ্য থেকে বেরোবে পাঁচ বন্ধু সেই নিয়েই এগোবে ছবি। আদতে কি এই বিপদ কাটিয়ে বেরোতে পারবে পাঁচজন? নাকি ভয়ঙ্কর কোনও সত্যির মুখোমুখি হবে তারা? উত্তর মিলবে ছবির গল্পে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে ছবির কিছু অংশের শুটিং হয়েছে। বাকিটা কলকাতাতেই হবে বলে খবর। ছবির নাম চূড়ান্ত না হওয়ায়, এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই ছবির ঘোষণা আসেনি।
প্রসঙ্গত, ঋতব্রত, আরিয়ান ও পুষণকে দর্শক যেমন বিভিন্ন ছবি ও সিরিজে দেখেছেন। বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন তাঁরা। অন্যদিকে, অনুষাকেও দর্শক সম্প্রতি দেখেছেন 'আবার হাওয়া বদল'-এ। আগামীতে তাঁকে চৈতি ঘোষালের প্রথম পরিচালিত ছবি 'নেভার মাইন্ডে'-এ দেখা যাবে তাঁকে। অন্যদিকে, কম হলেও বড়পর্দায় এর আগেও কাজ করেছেন লেখা। তিনি মূলত জনপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দার মাধ্যমে। লেখাকে দর্শক শেষ দেখেছিলেন লীনা গাঙ্গুলির প্রযোজনায় 'রোশনাই' ধারাবাহিকে। এই মেগায় খলনায়িকার চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন তিনি।















