নিজস্ব সংবাদদাতা: থিয়েটারের মঞ্চ থেকে বড়পর্দায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকের থেকে পেয়েছেন বিপুল ভালবাসা।
ঋতব্রতর নায়িকার সংখ্যা কম নয়। বাস্তবেও নাকি বহু নায়িকাকে মন দিয়েছেন তিনি। কিন্তু স্থায়ী সম্পর্কে এখনই যেতে নারাজ অভিনেতা। তাই নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন ঋতব্রত।
তবে এবার তাঁকে দেখা গেল উঠতি নায়িকার সঙ্গে জুটি বাঁধতে। পুজোর সময়ই একে অপরকে মন দিয়ে ফেলেছেন তাঁরা। কে সেই নায়িকা? আসলে একটি ছোট ছবির জন্য নতুন মুখ রানী চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। ছবির নাম 'লাভ প্রেম রিলোডেড'। পরিচালনায় সায়ন বসু চৌধুরী। প্রযোজনায় 'মুভিং রিল এন্টারটেইনমেন্ট'।
গল্পে পুজোর এক দুপুরে তিন বন্ধু রাজ,মৌ,শুভ দেখা করে। বন্ধুদের আড্ডায় জানা যায়, ছোটবেলায় সহপাঠী ছিল রাজ ও মৌ। এরপর পুজোর আবহে বাড়তে থাকে তাঁদের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। কীভাবে একে অপরকে মনের কথা জানাবে রাজ-মৌ? সেই উত্তরই মিলবে ছোট ছবির গল্পে। ঋতব্রত, রানী ছাড়া গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন স্রোতস্বিনী চট্টোপাধ্যায় ও অনির্বাণ মুখোপাধ্যায়।
ছবিটির শুটিং হয়েছে পুজোর আগেই। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি মুক্তির দিনক্ষণ। সূত্রের খবর, বাংলার প্রথম সারির এক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছোট ছবিটি।
















