বলিউডের বহুল প্রতীক্ষিত ছবির তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে 'ককটেল ২'। শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবি ২০১২ সালের জনপ্রিয় ছবি 'ককটেল'-এর সিক্যুয়েল, যেখানে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি ও সইফ আলি খান।'ককটেল '২ নিয়ে আগ্রহ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে গল্পের সম্ভাব্য মোড়, আর তা নিয়েই শুরু হয়েছে তুমুল আলোচনা।
শোনা যাচ্ছে, ছবিতে কৃতি শ্যানন ও রশ্মিকা মন্দানাকে দেখা যেতে পারে এক সমকামী দম্পতির ভূমিকায়! সেই সম্পর্কের তৃতীয় কোণ হয়ে গল্পে প্রবেশ করতে পারেন শাহিদ কাপুর। আধুনিক সম্পর্কের জটিলতা, আবেগ আর আকর্ষণের টানাপোড়েনকে ঘিরে গড়ে উঠতে পারে প্রেমের ত্রিভুজ, এমনটাই শোনা যাচ্ছে। যদিও ছবির গল্প নিয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এদিকে গত ৩১ জানুয়ারি পরিচালক হোমি আদাজানিয়া জানান, ছবির শুটিং শেষ হয়েছে। ইনস্টাগ্রামে সেট থেকে একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে শাহিদ, রশ্মিকা, কৃতি এবং পরিচালককে একসঙ্গে কেক কাটতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল, “ছবির শুটিং শেষ। তোমাদের সব্বাইকে ভালবাসি, হাঁদার দল। উফ, কী মজাটাই না হল!”
ক্যাপশনে হোমি লেখেন, “ককটেল ২-এর শুট শেষ হল। হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলছি, তবু বলি এই ছবি আমার কাছে খুব স্পেশ্যাল। আমার কাস্ট এবং ক্রু-র সবাইকে ভালবাসা অফুরান…” এই পোস্ট থেকেই স্পষ্ট , ছবিটি নিয়ে নির্মাতাদের মধ্যেও রয়েছে আলাদা উত্তেজনা।
&t=313s
ছবির মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেপ্টেম্বর মাসে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। কারণ, সদ্য মুক্তি পেয়েছে শাহিদের ছবি ও রোমিও। তাই এই ছবির মুক্তির প্রায় ছ’মাস পরে এই ছবি আনা হবে। কারণ দু’টি ছবিই তাহলে আলাদা জায়গা পাবে দর্শকের মনে এবং তাঁরা শাহিদকে নতুন অবতারে গ্রহণ করার সুযোগ পাবেন, এমনটাই ভাবছেন নির্মাতারা।
রোম্যান্স, সম্পর্কের নতুন সমীকরণ, আর তার সঙ্গে বড় স্টারকাস্ট, সব মিলিয়ে ‘ককটেল ২’ যে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে, তা বলাই বাহুল্য।
