গুগলে যদি কেউ 'টলিউড' লিখে সার্চ করেন তবে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তথ্য বা খবরই দেখতে পান। মূলত টলিউড বলতে তেলুগু ইন্ডাস্ট্রিকে বোঝানো হয়। তবে বাংলা সিনে জগতকেও টলিউড বলা হয়। কেন? এর প্রধান কারণ টালিগঞ্জে মূলত সমস্ত স্টুডিও, ইত্যাদি অবস্থিত। এবার বাংলা সিনে জগৎ তথা টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। জানিয়ে দিলেন তাঁর এই টলিউড বা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি শব্দে আপত্তি। কিন্তু কেন?
ঋত্বিক চক্রবর্তী এদিন সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানেই তিনি লেখেন, 'টলিউড শব্দটা আমি কখনো উচ্চারণ করিনা। এমনকি "টালিগঞ্জ ইন্ডাস্ট্রি" শব্দবন্ধটাও বেশ খাপছাড়া!' কিন্তু কেন এমন ভাবনা তাঁর? এই বিষয়ে ব্যাখ্যা করে অভিনেতা লেখেন, 'বাস্তবে তো বাংলা সিনেমা/টেলিভিশন/ওটিটি ইন্ডাস্ট্রি! আরও বড় করে ইউটিউব সোশ্যাল মিডিয়া যোগ করে ভাবলে বাংলা অডিও-ভিজুয়াল ইন্ডাস্ট্রি! টালিগঞ্জে কিছু স্টুডিও-ফ্লোর অফিস গোডাউন আছে ঠিকই তবে সে-সব অন্য জায়গাতেও আছে! এই ইন্ডাস্ট্রিটাও এখন শুধু টালিগঞ্জ বিধানসভায় আটকে নেই প্রায় অর্ধেক পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে।' ( পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল ) ঋত্বিক চক্রবর্তী এদিন এই পোস্ট করায় বহু নেটিজেন তাঁর কথাকে সমর্থন করেছেন।
প্রসঙ্গত, ঋত্বিক চক্রবর্তী বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেতা। তাঁকে দর্শক শেষবার 'ফেরা' ছবিতে দেখেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে ছবিটি। আগামীতে তাঁর হাতে আছে 'মৃগয়া ১.৫', 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র' ছবির মতো একাধিক কাজ। ঋত্বিক চক্রবর্তী বরাবরই স্পষ্টবক্তা। নিজের ভাবনা, মত প্রকাশে কখনও কোনও রাখঢাক করেন না। এদিনও তিনি ঠিক একই ভাবে টলিউড শব্দটা নিয়ে তাঁর ভাবনা স্পষ্ট ভাবেই তুলে ধরলেন।















