প্রতীক্ষার অবসান। ষে প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’-এর টিজার। ব্রাত্য বসুর জনপ্রিয় নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’-এর অবলম্বনে তৈরি এই ছবিটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে। রাজনৈতিক পটভূমি, পারিবারিক টানাপোড়েন এবং প্রজন্মের ব্যবধান নিয়ে তৈরি এই গল্প টলিপাড়ায় যে হইচই শুরু করতে চলেছে, তা বলাই বাহুল্য।
ছবির কেন্দ্রীয় চরিত্র 'সব্যসাচী'—একজন আদর্শবাদী বিপ্লবী রাজনৈতিক কর্মী। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় সবার উপরে তাঁর নাম।একদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার দীর্ঘ কুড়ি বছর পর হঠাৎ তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু বিশ বছর আগের চেনা পৃথিবীটাকে তিনি আর খুঁজে পান না। সম্পূর্ণ নতুন এক পৃথিবীর মুখোমুখি হয় সে। চারপাশের সমাজ, রাজনৈতিক বাস্তবতা এবং মানুষগুলো তখন সম্পূর্ণ বদলে গেছে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে যখন তিনি দেখেন, তাঁর নিজের ছেলেই (ইন্দ্র) আজ প্রতিপক্ষ দলের সমর্থক এবং সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। পিতা ও পুত্রের এই আদর্শগত সংঘাতই ছবিটির মূল চালিকাশক্তি। 'সব্যসাচীর ভূমিকায় দেখা গিয়েছে ঋত্বিককে এবং 'ইন্দ্র'র ভূমিকায় পরমব্রত।
এই পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার ছবির কাস্টিংয়েও রয়েছে বড় চমক। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, অনুসূয়া মজুমদার, দেবেশ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত-সহ একঝাঁক প্রতিভাবান শিল্পী।
এ ছবির প্রাসঙ্গিকতা নিয়ে বলতে গিয়ে অন্যতম প্রযোজক ফিরদৌসুল হাসান জানান, "এটি এমন এক মানুষের গল্প, যিনি দু'দশক পর ফিরে এসে দেখেন শুধু চারপাশ নয়, সম্পর্কগুলোও বদলে গেছে। এই ছবি কোনও নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানকে সামনে আনে না, বরং সময়ের ব্যবধানে মানুষের বিশ্বাস, পারিবারিক টানাপোড়েন এবং ব্যক্তিগত আদর্শের মূল্য কতটা বদলে যেতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজে।"
ফ্রেন্ডস কমিউনিকেশন এবং রাজশ্রী প্রোডাকশনস-এর যৌথ প্রযোজনায় নির্মিত ‘উইঙ্কল টুইঙ্কল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর।
















