বিদেশের মাটিতে সম্মানিত হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাও কোথায়? ইউনাইটেড কিংডমের সংসদের নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অফ কমন্সে। গ্লোওম্যান সিআইসির পক্ষ থেকে সাংসদ ড্যানি বেলসের আমন্ত্রণে হাউজ অফ কমন্সে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি পেলেন গ্লোওম্যান ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৬।
ভারতীয় ছবির 'টাইমলেস ডিভা' হিসেবে তাঁকে এই সম্মান দেওয়া হয়। সদ্যই আন্তর্জাতিক নারী দিবসে পালিত হল। আর সেই উপলক্ষ্যে গ্লোওম্যান এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এটি ব্রিটিশ পার্লামেন্টের জুবিলি রুমে অনুষ্ঠিত হয়েছে। সেখানেই টাইমলেস ডিভা খেতাব গ্রহণ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
পুরস্কার পাওয়ার পর ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ''আমি খুব গর্বিত ওম্যান এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে। ইউনাইটেড কিংডমের সংসদের হাউজ অফ কমন্সে শিল্পের জন্য পুরস্কার পেয়ে সম্মানিত। আমি এটি সাংসদ এবং মিনিস্টার অফ ইকুয়ালিটিস মিসেস সীমা মালহোত্রা এবং লেবার পার্টির প্রাক্তন সাংসদ বীরেন্দ্র শর্মার হাত থেকে নিয়েছি।" তিনি এদিন আরও জানিয়েছেন, '' গ্লোওম্যান সিআইসি এবং স্নিগ্ধা মিস্ত্রি, অলক শাহ, অসীম সানি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমার জন্য মুহূর্তটা সত্যিই খুব বিশেষ ছিল। ধন্যবাদ ঈশ্বর, আমার মা বাবা, পরিবার, স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং আমার দর্শককে। আমার স্বামী আমার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।"
এই বিশেষ অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত একটি কমলা রঙের চুড়িদার পরে উপস্থিত ছিলেন। ১৯৯০ সালে বাহাত্তর দিন পর ছবির হাত ধরে টলিউডে পা রাখেন। গত ৩৬ বছর ধরে তিনি একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন। দর্শক তাঁকে শেষবার লক্ষ্মীকান্তপুর লোকাল ছবিতে দেখেছেন। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
