টলিউডে সুখবর। মা হতে চলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। অনেকদিন ধরেই তাঁর 'প্রেগন্যান্সি' নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছুদিন আগেই সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় দিদির স্ফীতোদরের ছবি ভাগ করে তিনি এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এবার দিদির সাধের অনুষ্ঠানের ছবি ভাগ করলেন ঋতাভরী। সম্পূর্ণ বাঙালি খাবার ছিল এদিন চিত্রাঙ্গদার পাতে। ঋতাভরী দিদির সাধের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভাগ করে লেখেন, 'আমার বাচ্চা এবার মা হতে চলেছে। তিতিন সোনার সাধ। আমার দিদি আমাদের সেরা উপহার দিতে চলেছে। এবার অফিশিয়ালি মাসি হব।'

ঋতাভরীর ভাগ করে নেওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, দিদির স্ফীতোদর আগলে রয়েছেন অভিনেত্রী। অন্য ছবিগুলোতে মা শতরূপা সান্যালের সঙ্গে দুই মেয়েকে খোশমেজাজে দেখা যাচ্ছে। এদিন চিত্রাঙ্গদার পরনে ছিল গোলাপী রঙের শাড়ি অন্যদিকে ঋতাভরী পরেছিলেন হলুদ শিফন। 

প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করেন চিত্রাঙ্গদা। ছবিতে দেখা যায়, সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর সামনে হাঁটু গেড়ে বসে 'বেবি বাম্প'-এ হাত রেখে আছেন তাঁর স্বামী সম্বিত চ্যাটার্জি। সূর্যাস্তের সুন্দর স্নিগ্ধ আলোয় তোলা এই ছবিটি দম্পতির আবেগঘন মুহূর্ত তুলে ধরেছে।

সম্বিত ও চিত্রাঙ্গদার বন্ধুত্বের ১৪ বছর পেরল। এই বিশেষ দিনে সকলের সামনে সুখবর এনেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে একটি ছোট্ট অর্থপূর্ণ বার্তাও লিখেছেন তিনি। স্বামীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “হ্যাপি ১৪, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ইউনিভার্স।” তাঁর আরও সংযোজন “আমাদের জীবনের সেরা সময় আসছে।” এই কথার মধ্যে দিয়ে তিনি তাঁদের সংসারে নতুন অতিথির আগমনের ইঙ্গিত দিয়েছিলেন।

চিত্রাঙ্গদা ও সম্বিতের সম্পর্ক বহু বছরের। বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের শুরু। পরে সেই সম্পর্ক বিয়েতে পরিণত হয়। এবার তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য, যা নিয়ে পরিবার এবং ঘনিষ্ঠ মহলে খুশির আবহ। এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা হবু মা-বাবাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ঋতাভরীর পোস্ট করা চিত্রাঙ্গদার সাধের ছবি দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। আপাতত নতুন অতিথির অপেক্ষায় এই তারকা দম্পতি।