৫ মার্চ ছিল ভাই অর্জুন চক্রবর্তীর জন্মদিন। ৬ মার্চ তাঁর দাদার। এভাবেই প্রতি বছর পরপর দু’দিন উদযাপনের মেজাজে থাকেন অভিনেতা অর্জুন ও গৌরব চক্রবর্তী। এদিন স্বামী তথা অভিনেতা গৌরব চক্রবর্তীর জন্মদিনে আদুরে পোস্ট করলেন স্ত্রী ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। 

নিজেদের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন এক আবেগঘন বার্তা, যেখানে ধরা পড়েছে তাঁদের সম্পর্কের পথচলা, পরিবার আর ভালবাসার গল্প।

ঋদ্ধিমার কথায়, তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল নিঃশব্দে—একটা ছোট্ট ভালবাসার গল্প দিয়ে, যা ছিল শুধু তাঁদের দু’জনের। সময়ের সঙ্গে সেই গল্প বদলে গিয়ে তৈরি হয়েছে একটি জীবন, একটি ঘর, আর তাঁদের সবচেয়ে সুন্দর ছোট্ট পরিবার।

 

স্বামী গৌরবকে উদ্দেশ করে অভিনেত্রী লিখেছেন, তিনি শক্ত, দয়ালু এবং অফুরান ভালবাসায় ভরা এক মানুষ যিনি পরিবারের জন্য নিরাপত্তা ও স্থিরতার আশ্রয়। বিশেষ করে তাঁদের ছেলে ধীরকে যেভাবে গৌরব ভালবাসেন, পথ দেখান এবং হাসিয়ে রাখেন, তা তাঁর কাছে ভাষায় প্রকাশ করার মতো নয় বলেই জানিয়েছেন রিধিমা।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লিখেছেন, নতুন বছর গৌরবের জীবনে এনে দিক আরও সুখ, সাফল্য আর সব স্বপ্নপূরণের পথ। এমনকি যদি আবারও জীবন নতুন করে শুরু করার সুযোগ মিলত, তবুও তিনি আবার গৌরবকেই বেছে নিতেন -এই কথাও অকপটে লিখেছেন অভিনেত্রী।


প্রসঙ্গত, টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ —দু’জনেই নিজেদের অভিনয় প্রতিভায় বহুবার দর্শকের মন জিতেছেন। কাজের সূত্রেই কাছাকাছি আসা, তারপর ধীরে ধীরে গভীর হওয়া সম্পর্ক। অবশেষে ২০১৭ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।২০২৩ সালে তাঁদের জীবনে আসে আরও এক নতুন অধ্যায়, জন্ম নেয় পুত্রসন্তান ধীর। এখন ছেলে, কাজ আর ভ্রমণ -এই তিনকে কেন্দ্র করেই কেটে যাচ্ছে গৌরব-ঋদ্ধিমার সুখী সংসারের দিনগুলো।