কারও নাম না করে সমাজমাধ্যমে ঋদ্ধি সেন একটি পোস্ট করেন 'লিটিল স্টার'দের নিয়ে। কিন্তু কার বা কাদের উদ্দেশ্যে তাঁর পোস্ট সেটা নেটিজেনদের বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। 

প্রসঙ্গত, সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী অনন্যা গুহ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডু। তাঁদের বিয়েতে সাংবাদিকদের হেনস্থার অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ করে ভিডিও করেছেন মানসী সেনগুপ্ত, অস্মিতা চক্রবর্তী। এবার অভিনেতা ঋদ্ধি সেনও এই বিষয়ে মুখ খুললেন।

এদিন ঋদ্ধি সেন তাঁর পোস্টের গোড়াতে লেখেন, 'বাংলার পরিচিত প্রবাদ হল কথা কম কাজ বেশি। তবে বাংলায় যেটা হয় সেটা হল কথা বেশি কাজ কম। কিন্তু বাংলার তারকাদের জন্য এই উক্তির একটা নতুন ভার্সন আছে, সেটা হল, কাজ কম বাউন্সার বেশি।' তিনি আরও লেখেন, 'কথা শব্দটা বাংলার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টারদের ক্ষেত্রে বাদই দিলাম, কারণ কথার বদলে বেশির ভাগেরই মুখ গহ্বর থেকে বেরিয়ে আসে শুধুই কুইন্টাল কুইন্টাল শব্দ, শব্দগুলো বাক্যে পরিণত হয় সরকার বুঝে, অর্থ বুঝে, তবে এ অর্থ সে অর্থ নয়, আমাদের স্টারডাস্ট অথবা স্টার পাউডাররা সারা বছর অর্থহীন কাজ করলেও তাদের কাছে অর্থ কদাপি অনর্থম নয়। কারণ অর্থের জোরে ভাবনার বিকাশ নিম্নগামী হলেও ভাঁওতাবাজির প্রকাশ ঊর্ধ্বগামী।' 

ঋদ্ধি তাঁর পোস্টে তারকা যুগলের বিরুদ্ধে বিদ্রুপ করে লেখেন, 'তাই ফাঁকা রাস্তায় হোক, ফ্লপ হওয়ার সাকসেস পার্টিতে বা বিয়েতে, অপরিচিত মুখের পাশে অসহায় পাঁচটা বাউন্সার কিন্তু মাস্ট, বাংলা ছবির পাশে না দাঁড়ালেও বাউন্সার পরিবেষ্টিত হাবভাব দেখে অন্তত সেলফি ছবির জন্য যদি পাশে কেউ দাঁড়ায়।  আর কিছু দিন পরে দেখা যাবে যে ভালবাসার বন্ধনে সাত পাকে এক সাথে ঘুরছে - স্বামী, স্ত্রী ও বাউন্সার।' 

অনেকেই অভিনেতার সঙ্গে এই বিষয়ে সহমত পোষণ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এখন মানুষের কাছে সিনেমা আর্টিস্টরা আর স্টার নেই, জোকার হয়ে গেছে।' কেউ আবার লেখেন, 'তুমি আর আমি আর একপাল বাউন্সার, এই আমাদের পৃথিবী, সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সিরিয়ালে ৩/৪ টে সাইড রোলে মুখ দেখিয়েই বাউন্সার নিয়ে বিশাল সেলিব্রিটি হাবভাব এদের।'

প্রসঙ্গত, অনন্যা এবং সুকান্তর আলতা পরানো অনুষ্ঠানে থেকে সঙ্গীত, বিয়ে, রিসেপশনের ছবি-ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। তাঁরা নিজেরাই বিয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন। অনন্যাকে দর্শক 'মিত্তির বাড়ি', 'মিঠাই', 'তুঁতে', ইত্যাদির মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখেছেন।