গত রবিবার তালসারিতে ধারাবাহিক 'ভোলেবাবা পার কারেগা'র শুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাহুলের। ১৩ বছরের ছেলের হাতেই গঙ্গায় অস্থি বিসর্জন হয় অভিনেতার। সমাজমাধ্যমে রাহুলের নিথর দেহের ছবি, ছেলে সহজ ও স্ত্রী প্রিয়াঙ্কার কাতর ছবি ঘুরছে। এবার এই মর্মান্তিক পরিস্থিতিতে গর্জে উঠলেন অভিনেতা ঋদ্ধি সেন।

ঋদ্ধি লিখলেন, 'যে শিশু তার বাবার অস্থি হাতে নিয়ে চলে গেলো তার মনে সারাজীবনের জন্য একটাই প্রশ্ন গেঁথে থাকবে, ‘কেন?’,এই প্রশ্নের চেয়ে বীভৎস আর বেদনাদায়ক কিছু হয়না,যিনি প্রয়াত তিনি এই উত্তর দিতে পারবেন না,তাই তার মুখে মিথ্যে কথা বসানো সহজ l এই উত্তর পেয়ে গেলে মানুষটা ফিরে আসবেন না,যে শূন্যতা তিনি রেখে গেলেন কিছু মানুষের মনে,সেই শূন্যতা সময়ের সাথে আরো গভীর হবে,তবুও এই ‘কেনর’ উত্তরটুকু জানার প্রতি আমাদের সকলের নাগরিক হিসেবে দায়বদ্ধতা আছে,মানুষ হিসেবে দায়বদ্ধতা আছে,কারণ একজন প্রয়াত মানুষের মুখে যদি মিথ্যে উত্তর বসানোর প্রচেষ্টা চলে এবং ভবিষ্যতে সেটা প্রমাণিত হয় তাহলে সেই বীভৎসতার ক্ষমার যোগ্য নয়,আইন বা সংবিধান এটাকে ক্রিমিনাল অফেন্স বলে মানেন কিনা জানি না,কিন্তু যাদের এখনো মানবিকতা কিছুটা হলেও অবশিষ্ট আছে তাদের এটাকে ক্রাইম বলেই ঘোষণা করা উচিত l' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রয়েছে।)

তিনি আরও লেখেন, 'আমরা অধিকাংশ মানুষই আজকাল আর কোনো কিছুর উত্তর খুঁজি না,শুধু ট্রোল খুঁজি, ট্রোল করি,মৃত্যুও আমাদের কাছে মিম আর ট্রোল। যে চলে গেছে তার প্রতি আমরা সমাজমাধ্যমে শোক বা সমবেদনা জানাই,তার পর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়,কিন্তু যারা জীবিত,তাদের পাশে দাঁড়ানোর জন্য কতটুকু সমবেদনা আছে আমাদের? কে কতটা কাঁদবে,কার শোকের সময় পোশাক কেমন হবে,কার শেষযাত্রা ঠিক কি ভাবে পালন হবে বা হওয়া উচিত ছিল,এই সব অর্থহীন কেনর উত্তর খুঁজে নিজের অস্তিত্বের পচন না বাড়িয়ে আমরা প্রয়োজনীয় কিছু ‘কেনর’ উত্তর খোঁজার জন্য সরব হই l যে চলে গেল আর যারা আগামী বহু রাত বয়ে বেড়াবে এই ‘কেনর’ অসহনীয় ভার,তাদের জন্য আমরা এইটুকু করতে পারি না? 
এক জল্লাদের উল্লাসমঞ্চ থেকে বিদায় নিল রাহুল দা।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

সহজকের আবেগকে নিয়ে করা ঋদ্ধির এই পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও।