সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘদিন আইনি জটিলতায় পড়েছিলেন রিয়া চক্রবর্তী। হাজতবাসও হয় তাঁর। জেলমুক্তির পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। আপাতত সুশান্ত মামলায় 'শাপমুক্তি' হয়েছে বাঙালি অভিনেত্রীর। আর এরই মাঝে এক বড় সিদ্ধান্ত নিলেন তিনি।
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে লম্বা বিরতি বা ব্রেক নেওয়ার কথা ঘোষণা করেছেন রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট লিখে রিয়া জানিয়েছেন, তিনি কিছুদিনের জন্য এই ইন্টারনেট বা ডিজিটাল দুনিয়া থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন। এই মুহূর্তে নিজের মনের শান্তি এবং নিজেকে ভাল রাখার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আচমতা অভিনেত্রীর এই পোস্টে তাঁর ভক্তরা যেমন অবাক হয়েছেন, তেমনই অনেকে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তাও প্রকাশ করেছেন।
পোস্টে কী লিখেছেন রিয়া? ছোট কিন্তু গভীর বার্তা শেয়ার করেছেন তিনি। লিখেছেন, "আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিচ্ছি। আসলে ইদানীং আমি নিজেকেই খুব মিস করছি। তাই এই ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে গিয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে চাই। এই কারণে আমি লাইমলাইট থেকে এক কদম পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।" রিয়া স্পষ্ট করে দিয়েছেন যে, সারাক্ষণ ইন্টারনেটের দুনিয়ায় সচল থাকার চেয়ে এই মুহূর্তে নিজের মানসিক স্বাস্থ্যকে সময় দেওয়াটা তাঁর কাছে বেশি জরুরি।
কেন এই সিদ্ধান্ত? রিয়া চক্রবর্তীর জীবন গত কয়েক বছরে এক বিশাল ঝড়ের মধ্য দিয়ে গিয়েছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রীকে যেভাবে ট্রোলিং, কটাক্ষ এবং আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছিল, তা তাঁর মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছিল।
সেই কঠিন সময় কাটিয়ে রিয়া যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন, নিজের পডকাস্ট শো শুরু করেছিলেন এবং কাজে মন দিচ্ছিলেন, ঠিক তখনই তাঁর এই সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত। আসলে একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘সোশ্যাল মিডিয়া ডিটক্স’। সারাক্ষণ ক্যামেরার সামনে থাকা, মানুষের ভাল-মন্দ মন্তব্য পড়া এবং ট্রোলের শিকার হওয়ার ফলে যে মানসিক ক্লান্তি আসে, তা দূর করতেই তারকারা মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেন। রিয়াও এখন ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে গিয়ে নিজের বাস্তব জীবনটাকে উপভোগ করতে চান।
রিয়ার এই পোস্টে তাঁর বহু অনুরাগী এবং বলিউডের বন্ধুরা পাশে দাঁড়িয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, নিজের মানসিক শান্তির জন্য রিয়ার এই পদক্ষেপ একেবারে সঠিক। একজন লিখেছেন, "নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষা করব।"
আপাতত কতদিনের জন্য রিয়া সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন, তা তিনি জানাননি। তবে নিজের মানসিক ক্লান্তি দূর করে তিনি যে আবার নতুন উদ্যমে কাজে ফিরবেন, এমনটাই আশা করছেন তাঁর ভক্তরা।















